খুন হওয়ার আশঙ্কা রাহুলেরও
দাদী ও বাবার মতো উগ্র জাতীয়তাবাদীদের হাতে নিজেও খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
রাজস্থানে বুধবার এক সমাবেশে রাহুল বলেন, “আমার দাদী এবং বাবাকে হত্যা করে হয়েছে। আগামীকাল আমাকেও হত্যা করা হতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে আমি একদমই ভাবছি না।“
ভারতের ক্ষমতাশীন দল কংগ্রেসের সহ-সভাপতি ৪৩ বছর বয়সী রাহুল গান্ধী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে দ্য ডন জানিয়েছে।
১৯৮৪ সালে নিজের নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন রাহুলের দাদী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অমৃতসরের স্বর্ণ মন্দিরে সেনাবাহিনীর নির্যাতনের প্রতিশোধ নিতে শিখ ওই নিরাপত্তারক্ষীরা ইন্দিরাকে গুলি করে হত্যা করে।
আর ১৯৯১ সালে তামিলদের আত্মঘাতী বোমা হামলায় মারা যান রাহুলের পিতা রাজীব গান্ধী।
স্বভাবে কিছুটা লাজুক রাহুল আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ কট্টরপন্থী হিন্দু দলের বিরুদ্ধে তার পরিবারের দুঃখময় ইতিহাস কাজে লাগানোর চেষ্টা করছেন।
রাহুল বলেন, “বিজেপি কি করছে? তারা সাম্প্রদায়িক আগুনকে উসকে দিচ্ছে। সেই আগুন নিভিয়ে ফেলার জন্য এরপর আমাদের জনগণের কাছে যেতে হবে। ক্ষোভ ভুলতে কয়েক বছর লেগে যায় কিন্তু কারো মধ্যে ক্ষোভ উসকে দেয়া কয়েক মিনিটের ব্যাপার মাত্র।“
২০১৪ সালের মে মাসে ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে নির্বাচনে কংগ্রেস তাদের ক্ষমতা হারাতে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পুনরায় ক্ষমতায় আসতে যাচ্ছে।
নির্বাচনে বিজেপি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী নির্বাচিত করেছে।
২০০১ সালে এই মোদি মুখ্যমন্ত্রী থাকাকালেই গুজরাটে জাতিগত দাঙ্গায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিল মুসলিম।
যদিও তদন্তে ওই দাঙ্গার সঙ্গে মোদির সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে তার সাবেক এক মন্ত্রী ওই দাঙ্গার সময় ৯৭ জন মুসলমানকে হত্যায় সরাসরি উসকানি দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয়।
দাদীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল জানিয়ে ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনের ঘটনা বর্ণনায় রাহুল বলেন, “আমি স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখতে পাই একটি কক্ষে আমার দাদীর রক্ত পড়ে আছে এবং অন্য একটি কক্ষে আমার ‘বন্ধুদের’ রক্ত।“
“আমি তাদের খুব ঘনিষ্ট ছিলাম এবং তাদেরই একজন আমাকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিলেন। ওই ক্ষোভ থেকে বেরিয়ে আসতে আমার দীর্ঘ সময়, প্রায় ১০-১৫ বছর লেগেছিল।“
