যুক্তরাষ্ট্র-পাকিস্তান মিত্রতা গুরুত্ব হারাতে পারে : কেরি
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক গুরুত্ব হারাতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
রোববার যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ওয়াশিংটনে তার বৈঠকের আগে কেরি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
তিনি বলেন, “বলার মতো অনেক কথা আছে আমাদের, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গুরত্বপূর্ণ নাও থাকতে পারে।”
তবে বৈঠকের আগে কোনো বিষয়ে কোনো মন্তব্য করেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ।
তিনদিনের সফরে এখন যুক্তরাষ্ট্রে আছেন নওয়াজ শরিফ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে এটিই দুটি দেশের মধ্যে প্রথম সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
কয়েক বছর ধরে বেশ কিছু বিষয়ে নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইসলামাবাদের বিরোধিতা অন্যতম।
তবে এরইমধ্যে পাকিস্তানকে দেয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার আটকে রাখা ৩শ’ ৫ মিলিয়ন ডলার অনুমোদন করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা পাকিস্তানকে “অর্থনীতি সচল রাখার জন্য সংগ্রামরত একটি গণতান্ত্রিক দেশ যে বিদ্রোহের মোকাবিলা করছে আর আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ” বলে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাণিজ্য, জঙ্গি সমস্যা মোকাবিলা এবং পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে কাজ করা, সব বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দুপক্ষের মধ্যে সবচেয়ে অস্বস্থিকর হয়ে বিরাজমান ড্রোন ইস্যু নিয়ে আলোচনা হবে।
ড্রোন হামলাকে পাকিস্তানের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে এসব হামলা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে বলবেন বলে জানিয়েছেন নওয়াজ।
এর আগে ড্রোন হামলা বন্ধের জন্য দু’দেশ মিলে একটি যৌথ কৌশল গ্রহণ করারও আহ্বান জানিয়েছেন নওয়াজ।
২০১১ সালে পাকিস্তানকে না জানিয়ে দেশটির ভিতরে গোপন অভিযান চালিয়ে আল কায়েদার প্রতিষ্ঠাতা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা। এরপর আফগান সীমান্তে যুক্তরাষ্ট্রের সেনা হামলায় ২০ পাকিস্তানী সেনা নিহত হয়।
এসবের সঙ্গে ড্রোন হামলার বিষয়টি যুক্ত হয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্র মিত্রতা নাজুক হয়ে পড়েছে।
সর্বশেষ হামলাগুলোতে নিহতদের ছাড়াই ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিআইএ’র ড্রোন হামলায় পাকিস্তানের ৩ হাজার ৪শ’ ৬০ নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৮শ’ ৯০ জন বেসামরিক নাগরিক। এসব হামলার বেশিরভাগই প্রেসিডেন্টে ওবামার আমলে চালানো হয়েছে।
