মিশরে গির্জায় হামলায় নিহত ৩
মিশরের রাজধানী কায়রোর গিজায় কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের গুলিবর্ষণে আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত নয়জন।
রোববার রাতে গির্জা প্রাঙ্গণে একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
অজ্ঞাত ওই হামলাকারীরা গির্জা থেকে বের হতে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
একজন পুরুষ ও আট বছরের একটি বালিকা ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরেক নারী মারা যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।
কপটিক যাজক থমাস দাউদ ইব্রাহিম জানিয়েছেন, গুলিবর্ষণের সময় তিনি গির্জার ভিতরেই ছিলেন। অপর একজন যাজক মিশরীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত জুন থেকে গির্জাটিতে কোনো পুলিশ পাহারা ছিল না।
কপটিক অর্থোডক্স চার্চ খ্রিস্টান ধর্ম বিশ্বাসীদের অন্যতম পুরনো ধারা। ৫০ খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়ায় এ ধরার সূচনা হয়।
মিশরে খ্রিস্টানদের সংখ্যা ৮০ লাখেরও বেশি, এরা মোট জনসংখ্যার ১০ শতাংশ।
গত জুলাইতে মুসলিম ব্রাদারহুড দলীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এই পদক্ষেপের প্রতি সমর্থন জুগিয়েছে, এমন অভিযোগে কপটিক খ্রিস্টান জনগোষ্ঠিকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে বেশ কয়েকটি উগ্রবাদী ইসলামপন্থী গোষ্ঠি।
