অস্ট্রেলিয়ায় দাবানল: জরুরি অবস্থা ঘোষণা
দাবানলের কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলে এরই মধ্যে দুশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বাড়তে থাকা তাপমাত্রা এবং শক্তিশালী বাতাসে আগামী কয়েক দিনে দাবানল পরিস্থিতি আরো খারাপ হতে পারে এই আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার জরুরি অবস্থা ঘোষণা করে নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ব্যারি ও’ফ্যারেল বলেন, এর মাধ্যমে জরুরি বিভাগগুলো পরিস্থিতি মোকাবেলায় আগামী ৩০ দিন বাড়তি কিছু ক্ষমতা ভোগ করবে। এরমধ্যে প্রয়োজনে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা অন্যতম।”
“আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আশা করছি ভালো কিছু হবে,” বলেন তিনি।
গত কয়েক দিনের দাবানলে নিউ সাউথ ওয়েলসের ৩৭ হাজার হেক্টরের বেশি বন এলাকা ধ্বংস হয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫টি এলাকায় দাবনল এখনও নিয়ন্ত্রণের বাইরে। ধোঁয়া এবং ছাইয়ে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আকাশ ঢাকা পড়ে গেছে।
দাবানলে জ্বলছে সিডনির পশ্চিম প্রান্তে অবস্থিত ‘দ্য ব্লু মাউন্টেইনস’ অঞ্চল। এলাকাটি উচ্চ তাপমাত্রার অঞ্চলগুলোর অন্যতম।
রাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ৪০ বছরের মধ্যে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন।
একটি প্রশিক্ষণ চলার সময় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মধ্যেমে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সেনাবাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।
গত বুধবার ব্লু মাউন্টেনস অঞ্চলের লিথগ্রো শহরের কাছে ওই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দাবানলের কারণে শত শত মানুষ গৃহহীন হয়েছে। আগুনের হাত থেকে বাড়ি রক্ষার চেষ্টার সময় সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধ মারা গেছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের পর অসময়ে গরম আবহাওয়া শুরু হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। তাপমাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং এটা আরো বাড়বে বলে জানিয়েছেন তারা।
