২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিকের সেই ভায়োলিন রেকর্ড দামে বিক্রি

আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবতে বসার সময় দৃশ্যত যাত্রীদের শান্ত করতে সুর ছড়ানো ভায়োলিন আবারো জন্ম দিল নতুন ইতিহাস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Oct 2013, 11:20 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারে নিলামে রেকর্ড নয় লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ব্যান্ড তারকা ওয়ালেস হার্টলির এই বাদ্যযন্ত্র।

১৯১২ সালের ১৫ এপ্রিল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে নর্থ আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক, যাতে মৃত্যু হয় এক হাজার ৫১৮ জনের। তাদের মধ্যেই একজন ছিলেন ওয়ালেস হার্টলি।

জাহাজটি ডোবার সময় আতঙ্কিত যাত্রীদের শান্ত করার জন্য ওই ভায়োলিন বাজান তিনি।

একজন ব্রিটিশ নাগরিক ভায়োলিনটি কিনেছেন বলে জানিয়েছে বিবিসি।

নিলামের আয়োজক হেনরি আলরিজ বলেন, টাইটানিক থেকে যেসব স্মরণীয় জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে ‘সবচেয়ে আকর্ষণীয়’ জিনিসের একটি এই ভায়োলিন।

তিনি বলেন, নিলামে টাইটানিকের সব স্মারকের মূল্য ছাড়িয়ে যাওয়াই এই বাদ্যযন্ত্রের প্রতি বিশ্বব্যাপী মানুষের আগ্রহের প্রমাণ দেয়।

টাইটানিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওয়ালেস হার্টলির নাম। জাহাটি ডুবে যাওয়ার সময় ব্যান্ড দলের অন্য সাত সদস্যকে নিয়ে ঈশ্বর বন্দনামূলক গান ‘নিয়ারার মাই গড টু দি’ গেয়েছিলন তিনি।

বাগদত্তা মারিয়া রোবিনসনের কাছ থেকে উপহার পাওয়া ভায়োলিনে সুর ছড়িয়ে সহযাত্রীদের শান্ত করার চেষ্টা করেন এই শিল্পী।

হিমশীতল পানি থেকে যখন হার্টলির মৃতদেহ উদ্ধার করা হয় তখন তার শরীরেই জড়ানো একটি ব্যাগে ছিল ভায়োলিনটি।

২০০৬ সালে ইয়র্কশায়ারের একটি চিলেকোঠা থেকে ভায়োলিনটি উদ্ধার হলে সেটি নিয়ে আবার আলোচনা শুরু হয়। তখন এর মৌলিকত্ব নিয়েও দেখা দেয় বিতর্ক।   

তারপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটিকে হার্টলির সেই ভায়োলিনের বিষয়ে নিশ্চিত করতে সাত বছর কেটে যায় ডেভিজেস অকশন হাউজ, আলরিজ ও তার ছেলের।