পাকিস্তানে অভিযুক্তরা খালাস পেয়ে আবারো জঙ্গিদলে
২০০৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত ১৯৬৪ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছে পাকিস্তানের আদালত। আর খালাস পাওয়া ৭২২ জন আবারও জঙ্গি দলের সঙ্গে যোগ দিয়েছে।
আর ১১৯৭ জন এখনো রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত। দ্য ডন সংবাদপত্রে প্রকাশিত সরকারি নথিপত্রে এ তথ্য পাওয়া গেছে।
নথিপত্রে থাকা তথ্যানুযায়ী ওই সন্ত্রাসীদের ১২ জন পরবর্তী সময়ে নিহত হয়েছেন। তাদের চারজন দেশটির পার্বত্যাঞ্চলে চালানো ড্রোন হামলায়, আর আটজন নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা যান।
এদিকে ছাড়া পাওয়া ৩৩ জন পুনরায় গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
যারা ছাড়া পেয়েছেন তাদের প্রাদেশিক অবস্থানের বিস্তারিত তথ্য আরো অদ্ভুত। তাদের সর্বোচ্চ সংখ্যক খাইবার পাখতুনখোয়া ও পার্বত্যাঞ্চলের ১৩০৮ জন, গিলগিট-বালতিস্তান ও আযাদ কাশ্মিরের ৫১৭ জন, পাঞ্জাবের ৮৩ জন, সিন্ধের ৪৭ জন এবং বেলুচিস্তানের ৯ জন।
নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার-ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) শাহজাদ চৌধুরি বলেন, “সন্ত্রাসবাদের হাই-প্রোফাইল মামলাগুলোর ক্ষেত্রে অভিযুক্তরা কীভাবে ছাড়া পেয়ে যাচ্ছে সেটি খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থা কাজ করছে।
খালাস পাওয়া ব্যক্তিরা যেন আবারো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়তে না পারে সেটি নিশ্চিত করার জন্য পর্যবেক্ষকরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
কিন্তু বাস্তবচিত্র এমন নয়। কারণ বেলুচিস্তানের নয়জনই আবার জঙ্গি দলের সঙ্গে যুক্ত হয়েছে। খাইবার পাখতুনখোয়া ও পার্বত্যাঞ্চলের ১৩০৮ জনের মধ্যে ৫৫৫ জন, গিলগিট-বালতিস্তান ও আযাদ কাশ্মিরের ৫১৭ জনের মধ্যে ৯৭ জন, পাঞ্জাবের ৮৩ জনের মধ্যে ৩৯ জন এবং সিন্ধের ৪৭ জনের মধ্যে ২২ জন পুনরায় জঙ্গি দলে যোগ দিয়েছে।
এই ফলাফলের মাধ্যমে দেখা যাচ্ছে ওইসব অঞ্চলের খালাস পাওয়া বেশিরভাগ সন্ত্রাসী হয় পুনরায় জঙ্গি দলের সঙ্গে যোগ দিয়েছে, নতুবা তাদের কার্যক্রম নিশ্চিত করেছে।
