২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালাকে নাগরিকত্ব দিচ্ছে কানাডা

তালেবান হামলার শিকার পাকিস্তানের কিশোরী নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 08:19 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

দেশটির সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মালালার আগে মাত্র ছয়জন ব্যক্তি কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন। তারা হলেন, সুইডিশ কূটনীতিক রাউল ওয়ালেনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাইলামা, অং সান সুচি এবং আগা খান।

২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানে স্কুল বাসে উঠে মালালার মাথায় গুলি করে তালেবান জঙ্গিরা। তালেবানবিরোধী বক্তব্য ও লেখালেখি এবং নারীদের স্কুলে যাওয়ার অধিকারের পক্ষে সোচ্চার হওয়ার জন্যই মামালা তালেবান গোষ্ঠীর হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় মালালাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি এবং সেখানকার স্কুলে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

মালালা ক্রমে শিশু অধিকারের জন্য বৈশ্বিকদূত-এ পরিণত হন। চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্যও মালালার নাম জোরেসোরে উচ্চারিত হয়।

ইতোমধ্যে মালালা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেন এবং একটি শিক্ষার বিষয়ক একটি তহবিলও গঠন করেন।

গত সপ্তায় মালালা ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত সম্মানজনক শাখারভ মানবাধিকার পুরস্কার অর্জন করেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউজে ওবামা দম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন।