২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে পূর্বাভাসের মডেল দিয়ে নোবেল

এক সপ্তাহ পর কোনো কোম্পানির শেয়ারের দাম কতো হবে তা বলা মুশকিল হলেও দীর্ঘ মেয়াদে পুঁজিবাজার সম্পর্কে ‘নির্ভরযোগ্য’ পূর্বাভাস দেয়া সম্ভব। আর এ বিষয়টি যারা সামনে এনেছিলেন- যুক্তরাষ্ট্রের সেই তিন অধ্যাপকই পাচ্ছেন এবারের অর্থনীতির নোবেল পুরস্কার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতির নোবেল বিজয়ী হিসাবে ইগুইন এফ ফেমা, লার্স পিটার হ্যানসেন ও রবার্ট জে শিলারের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, “এই তিন অধ্যাপক পূর্বাভাস মডেল নিয়ে যে কাজ করেছেন, তার ভিত্তিতেই পুঁজিবাজারের আচরণ সম্পর্কে আমাদের আজকের ধারণা তৈরি হয়েছে।” 

১৯৩৯ সালে বস্টনে জন্ম নেয়া ইগুইন ফেমা অধ্যাপনা করছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ে। ১৯৬০ এর দশকে তিনি দেখিয়ে দেন, যে কোনো নতুন খবর তাৎক্ষণিকভাবে শেয়ারের দামে প্রভাব ফেলে।  ফলে কয়েক দিন বা সপ্তাহের ভিত্তিতে শেয়ারের দাম নিয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব।

স্বল্প মেয়াদেই যেখানে শেয়ার দামের গতিবিধি আগে থেকে আঁচ করা যায় না, সেখানে দীর্ঘমেয়াদের জন্য কোনো নির্দিষ্ট শেয়ারের বিষয়ে আভাস দেয়া আরো কঠিন হওয়ার কথা।

কিন্তু ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট শিলার ১৯৮০ এর দশকে জানালেন, এর উল্টোটাই সত্যি।

১৯৪৬ সালে ডেট্রোয়েটে জন্ম নেয়া শিলার দেখালেন, শেয়ারের দাম যতো দ্রুত বদলায়, কর্পোরেট ডিভিডেন্ডে ততো পরিবর্তন আসে না। শেয়ারের দাম ও ডিভিডেন্ডের অনুপাত বিচার করে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের পথ দেখালেন তিনি। 

এরপর অধ্যাপক পিটার হ্যানসেন একটি সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি তৈরি করলেন, যার মাধ্যমে সম্পদমূল্য হিসাব করার তত্ত্বগুলো যাচাই করা যায়। হ্যানসেন ও তার সহযোগীরা দেখতে পেলেন, প্রচলিত তত্ত্বগুলো একটু বদলে নিলেই শেয়ার ও বন্ডের দাম সম্পর্কে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়া সম্ভব।   

১৯৫২ সালে জন্ম নেয়া পিটার হ্যানসেন বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন।

পুরস্কার বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) ভাগ করে নেবেন এই তিন অধ্যাপক। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজের জন্য গত বছর যুক্তরাষ্ট্রের অলভিন ই রোথ ও লয়েড শ্যাপলে এ পুরস্কার পান।