২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রির্চনার

মস্তিষ্কে রক্তপাতের চিকিৎসা করতে অস্ত্রোপচারের মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার। তিনি সাবডুরাল হিমাটোমাতে ভুগছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার এ অস্ত্রোপচার হবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

এর আগে ৬০ বছর বয়সী কির্চনারের শরীরে সাবডুরাল হিমাটোমার সন্ধান পাওয়ার পর চিকিৎসকরা তাকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

শনিবার অন্য এক শারীরিক সমস্যার পরীক্ষা করানোর সময় সাবডুরাল হিমাটোমার পরীক্ষাও করা হয়।

রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো স্ককসিমারো জানিয়েছেন, পড়ে গিয়ে পাওয়া এক আঘাত পরীক্ষা করতে অগাস্টে তার ব্রেন (মস্তিষ্ক) স্ক্যান করেন চিকিৎসকরা। কিন্তু তখন কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।

অনিয়মিত হৃদস্পন্দন ও মাথাব্যাথার কারণ পরীক্ষা করাতে শনিবার হাসপাতালে যান তিনি। সেখানে মস্তিষ্কের পরীক্ষায় আবার সাবডুরাল হিমাটোমার সন্ধান পাওয়া যায়।

মস্তিষ্কের দুটি স্তরের মাঝে রক্তপাতকে সাবডুরাল হিমাটোমা বলে।

যে হাসপাতালে কির্চনারের চিকিৎসা চলছে, সেখান থেকে জানানো হয়েছে, সাবডুরাল হিমাটোমার কারণে কির্চনার তার বাম হাতের পেশির ক্ষমতা কিছুটা হারিয়েছেন।

এ কারণে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমাট রক্ত অপসারণ করতে হবে।