ইতালির নৌকাডুবিতে মৃতের সংখ্যা ১৯৪
ইতালির ছোট্ট দ্বীপ লেমপেদুসার কাছে গত সপ্তাহে আফ্রিকার অভিবাসী বহনকারী নৌকাডুবিতে নিহতের সংখ্যা ১৯৪ জনে পৌঁছেছে।
খারাপ আবহওয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটার পর রোববার থেকে আবার শুরু হয়েছে উদ্ধারকাজ। এদিন প্রথম আধঘণ্টায় উদ্ধার হয় আরো অন্তত ১০ টি মৃতদেহ।
সোমবার সকালে আবহাওয়া ভাল থাকলেও দিনশেষে আবার আবহওয়া খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ পর্যন্ত ১৯৪ লাশ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ১৫৫ জন। এখনো নিখোঁজ বহু মানুষ। সব মিলিয়ে ৩শ’রও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নৌকার ধ্বংসস্তুপের আশেপাশে আরো লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গত বৃহস্পতিবার ডুবে যাওয়া এ নৌকাটিতে প্রায় পাঁচশ’ যাত্রী ছিল। এদের সবাই ইতালিতে আশ্রয় পেতে নৌকায় করে সেদেশে যাচ্ছিল।
নৌকাটি লেমপেডুসার কাছে পৌঁছার পর এটিতে আগুন ধরে যায়। এরপরই এটি পানিতে ডুবে যায়।
নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। যাত্রীদের বেশিরভাগই ছিল ইরিত্রিয়ার নাগরিক বলে জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র লরেন্স জোলস।
