২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে শিয়াদের ওপর বোমা হামলায় নিহত ৬০

ইরাকে শিয়া মুসলিমদের ওপর দুটি আত্মঘাতি বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Oct 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার শিয়াদের একজন ঈমামের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের প্রাক্কালে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া উত্তরাঞ্চলের মসুলে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে দুজন ইরাকি টেলিভিশন সাংবাদিক নিহত হয়েছেন।

রাজধানী বাগদাদে একটি তল্লাশি চৌকিতে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে ৪৮ জন শিয়া তীর্থযাত্রী মারা যায়। কাদিমিয়া জেলার একটি মাজার পরিদর্শনে যাওয়ার পথে তল্লাশি চৌকির ভিড়ের মধ্যে হামলাকারী তার কাছে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে শিয়া অধ্যুষিত শহর বালাদে একটি ক্যাফেতে আরেকটি আত্মঘাতি বোমা হামলায় ১২ জন নিহত হন। ৪০ দিন আগে শিয়া অধ্যুষিত বালাদ শহরের এই ক্যাফেতে একই ধরনে আরেকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুটি হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলার ধরণ দেখে এটি আল কায়দার সুন্নি জঙ্গীদের কাজ বলেই ধারণা করছে পুলিশ। সুন্নিদের মতে শিয়া মুসলিমরা ইসলাম ধর্মে বিশ্বাসী নয়।

উত্তরাঞ্চলের শহর মসুলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইরাকের টেলিভিশন চ্যানেল আল-শারকিয়া নিউজ এর দুজন সাংবাদিক নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ভিডিও চিত্র গ্রহণকালে মাথায় এবং বুকে গুলি করে তাদের হত্যা করা হয়।

ইরাককে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২৬১ জন সাংবাদিককে হত্যা এবং ৪৬ জনকে অপরহণ করা হয়েছে।

ইরাকে মৃতদেহ গণনাকারী দল জানিয়েছে, দেশটিতে এ বছর এখন পর্যন্ত বিভিন্ন হামলায় ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নির্দেশে একজন জ্যেষ্ঠ সুন্নি নেতাকে গ্রেপ্তারের পর গত বছর ডিসেম্বরে এর প্রতিবাদে রাস্তায় নেমে আছে সুন্নি মুসলমানরা। তাদের আটকাতে এপ্রিলে প্রতিবাদ স্থানে নিরাপত্তাবাহিনী রক্তক্ষয়ী অভিযান চালায়। তার পর থেকেই সুন্নি জঙ্গিরা একের পর এক ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে।

সেপ্টেম্বরে পুরো ইরাক জুড়ে প্রায় নয়শ বেসামরিক লোককে হত্যা করা হয়েছে বলে ইরাকে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।