২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংকট চললে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে’

বাজেট অনুমোদন নিয়ে অচলাবস্থা চলতে থাকলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 07:22 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

শনিবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশনের (অ্যাপেক) সম্মেলনে কেরি বলেন, “যুক্তরাষ্ট্র কংগ্রেসে রিপাবলিকানদের সঙ্গে চলমান বিতর্ক আমাদের গণতন্ত্র কতোটা শক্তিশালী তার একটি দৃষ্টান্ত।”

অচলাবস্থার নিরসনে কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যখন আমরা নিজেদের কার্যক্রম নির্ধারণে একমত হতে পারি না তখন আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকে কিভাবে দেখা হবে তা একবার ভেবে দেখুন।”

অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডে প্রভাব পড়ছে জানিয়ে তিনি বলেন, রাজস্ব বিভাগ কার্যালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ (ফরেন অ্যাসেট কন্ট্রোল) শাখার প্রায় সব কর্মী কাজ হারিয়েছে। এ শাখা থেকেই ইরানের মতো দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা তদারক করা হয়।

এছাড়া অচলাবস্থা চললে ইসরায়েলকে প্রতিরক্ষা সহযোগিতার অর্থ এবং সিনাই উপদ্বীপে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশনে তহবিল সরবরাহ বিলম্বিত হতে পারে বলে জানান তিনি।

এই অবস্থা চলতে থাকলে তার পরিণতির বিষয়ে কেরি বলেন, “এটা দীর্ঘায়িত হলে বা এর পুনরাবৃত্তি ঘটলে বর্তমান অবস্থান ধরে রাখতে যুক্তরাষ্ট্রের ইচ্ছা বা এর সামর্থ্য নিয়ে ভাবতে শুরু করবে মানুষ।”

অবশ্য এই সমস্যাকে `সাময়িক' উল্লেখ করে তিনি বলেন, “আমেরিকার রাজনীতির এই ক্ষণস্থায়ী চিত্রকে একটি  রাজনৈতিক পরিস্থিতির বেশি কিছু ভাবা ভুল হবে।”

এতে এশিয়ার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতির কোনো নড়চড় হবে না বলেও আশ্বাস দেন তিনি।

যুক্তরাষ্ট্রের সেবা খাতে বরাদ্দ সংক্রান্ত বিল কংগ্রেসে অনুমোদন না হওয়ায় গত ১ এপ্রিল মধ্যরাত থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের সেবা খাতের অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আরো অনেক কার্যক্রম।

প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন বাস্তবায়ন বিলম্বিত করার দাবিতে প্রস্তাবিত বাজেট আটকে দিয়েছে রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ওবামার দল ডেমোক্র্যাটের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে।

বাজেট অনুমোদন না হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের  প্রায় আট লাখ কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার অ্যাপেকের এই সম্মেলনে প্রেসিডেন্ট ওবামার যোগ দেয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তা বাতিল করা হয়। তার জায়গায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এসেছেন।

পুরনো খবর:

এশিয়া সফর বাতিল করলেন ওবামা