২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ভেন্যু নিতে বোমা গুজব

নিজের বিয়ের অনুষ্ঠানের জন্য হল ভাড়া করতে ভুলে যাওয়ায় শেষ পর্যন্ত ফোন করে বোমার গুজব ছড়িয়ে হল খালি কারার চেষ্টা করেছে পাগলাটে এক বর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

৩৬ বছর বয়সী নেইল ম্যাকআর্দলে লিভারপুলের রেজিস্ট্রি অফিসে বিয়ে করার পরিকল্পনা করেন। আর এটি ঐতিহ্যবাহী সেন্ট জর্জ হলের ভেতর অবস্থিত।

কিন্তু যখন বুঝতে পারলেন ওই স্থানটি ভাড়া নেয়ার জন্য প্রয়োজনীয় ফরম তিনি পূরণ করেননি তখন তিনি হলের অভ্যর্থনাকারীর কাছে ফোন করেন এবং বলেন, “৪৫ মিনিটের মধ্যে হলে একটি বোমা বিস্ফোরিত হবে।”

যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট –এ প্রকাশিত খবরে বলা হয়, ম্যাকআর্দলের হবু কনে যখন হলে পৌঁছান তখন তিনি দেখতে পান হলটি খালি এবং বোমা নিষ্কিয়কারী দল হলের ভেতরে বোমা খুঁজে বেড়াচ্ছে।

ঘটনার বর্ণনায় অভ্যর্থনাকারী বলেন, “আমি কিছু জিজ্ঞাসা করার সুযোগই পাইনি। তিনি সেখানে বোমা পাতা হয়েছে বলেই দ্রুত ফোন কেটে দেন।”

“আমি বিষয়টি আমার ব্যবস্থাপককে জানাই। তিনি পুলিশকে ফোন করতে এবং হল খালি করতে নির্দেশ দেন। সব কিছুই মুহূর্তের মধ্যে ঘটে গেছে।”

পরে যদিও ম্যাকআর্দলে নিজের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে বলেন, বিষয়টি যে গুজব সেটা জানানোর জন্য তিনি বারবার ফোনে চেষ্টা করছিলেন। কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরেনি।

লিভারপুল পুলিশের একজন মূখপাত্র জানান, “২৬ এপ্রিল সকাল ৮.৫৭ মিনিটে সেন্ট জর্জ হলে বোমা আছে বলে জরুরি সেবা বিভাগে একটি ফোন আসে।”

“তাৎক্ষণিকভাবে ভবনটি থেকে সমস্তকর্মী এবং পর্যটকদের বের করে আনা হয় এবং এক ঘণ্টা তল্লাশির পর ভবনটি নিরাপদ ঘোষণা করে তাদের আবার ঢুকতে দেয়া হয়।”

এ ঘটনায় ম্যাকআর্দলেকে বৃহস্পতিবার লিভারপুল ক্রাউন কোর্টে হাজির করে তার বিরুদ্ধে ভুল তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ মাসের শেষে তার শাস্তি ঘোষণা করা হবে।