২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাসায়নিক হামলার নতুন তদন্ত শুরু

সিরিয়ার রাজধানী দামেস্কে ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলার পর এরকম আরো তিনটি হামলার অভিযোগের তদন্ত শুরু করেছেন জাতিসংঘ অস্ত্র পরিদর্শকরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 07:08 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

জাতিসংঘের একটি বিবৃতি দিয়ে বিবিসি জানায়, তদন্তনাধীনে আছে মোট ৭টি রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ।

ঘৌতায় ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলা ছাড়াও খান আল আসালে ১৯ মার্চ, শেখ মসজিদে ১৩ এপ্রিল, সারাকেব এলাকায় ২৯ এপ্রিল, বাহারিয়েহ এলাকায় ২২ অগাস্ট, জোবারে ২৪ অগাস্ট এবং আশরাফিয়া সাহনাইয়ায় ২৫ অগাস্ট রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ রয়েছে।

এর মধ্যে ঘৌতার ঘটনার তদন্ত প্রতিবেদন এরই মধ্যে জাতিসংঘে জমা দিয়েছেন পরিদর্শকরা। ওই হামলার ঘটনায় সারিন গ্যাস ব্যবহার করা হয় বলে জানানো হয় প্রতিবেদনে।

নতুন করে শুরু হওয়া তদন্তে এর পরের হামলাগুলো খতিয়ে দেখার কাজ আগামী সোমবারেই শেষ করবেন পরিদর্শকরা।

সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে খসড়া জাতিসংঘ প্রস্তাবনাটিও শিগগিরই পাস হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া প্রস্তাবের ব্যাপারে একমত হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবারই বিষয়টি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এরপর জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (ওপিসিডব্লিউ) বিশেষজ্ঞরা মঙ্গলবার থেকে সিরিয়ার রাসায়নিক অস্ত্রভান্ডার পরিদর্শন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।