মঙ্গলজুড়ে আছে পানি
মঙ্গল গ্রহে পানি খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নভোযান কিউরিওসিটি।
মঙ্গলের মাটিতে এ পানির সন্ধান পাওয়া গেছে। তবে কোনো ফল্গুধারা নয় মাটিতে অন্যান্য খনিজের সঙ্গে মিশে রয়েছে পানি।
বিবিসি জানায়, মঙ্গলের মাটির প্রতি ঘনফুটে প্রায় ১ লিটার পানি আছে। গ্রহটির লালচে ধুলোর আস্তরণ পানিতে ভেজা। বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন, এই আস্তরণের মোট ওজনের দুই শতাংশই পানি।
কিউরিওসিটির গবেষক লরি লেসিন ও তার সহকর্মীরা সায়েন্স ম্যাগাজিনে জানান, মঙ্গলপৃষ্ঠ থেকে খুঁড়ে তোলা কাদামাটির নমুনা পরীক্ষায় পানির অস্তিত্বের এ হিসাব পাওয়া গেছে।
কিউরিওসিটি কাদামাটির এ নমুনা পরীক্ষা করতে এটিকে তাপ দিলে বেরিয়ে আসা বাষ্পে অনেকাংশেই পাওয়া যায় পানির উপাদান।
পানি ছাড়াও উত্তপ্ত মাটি থেকে বেরিয়ে আসে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন।
লেসিন বলেন, এক ঘনফুট কাদামাটি নিয়ে কয়েক ডিগ্রি তাপমাত্রায় গরম করলেই দুই পাইন্ট (দুই বোতলের মতো) পানি পাওয়া যাবে।
মঙ্গলের যে জায়গায়ই যাওয়া হোক না কেন সবখানেই একই পরিমাণ পানি পাওয়া যাবে বলেই ধারণা বিজ্ঞানীদের।
ফলে গ্রহটির যেকোন জায়গা থেকে পানি বের করে আনা মানুষের জন্য খুব সহজই হবে। “ব্যাপারটি খুবই চমৎকার”, বলেন, লেসিন।
মঙ্গলপৃষ্ঠে একসময় পানির প্রবাহ ছিল এমনকি খরস্রোতা নদীও ছিল বলে ধারণা করা হয়। নদীর চিহ্ন এর আগে খুঁজে পায় কিউরিওসিটি। কিন্তু পাওয়া যায়নি বহমান পানি।
গ্রহটিতে সরাসরি পানির উৎস বলতে এ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে কেবল মেরুর বরফ। তবে পানির চিহ্ন ছাড়াও জীবনধারনের জন্য উপযোগী নানা উপাদানও এরই মধ্যে খুঁজে পাওয়া গেছে গ্রহটিতে।
কিউরিওসিটি এর পরের ধাপে মঙ্গলের একসময়কার ভেজা জায়গাগুলো খুঁড়ে পরীক্ষা চালাবে। এর মধ্য দিয়ে বোঝা যাবে গ্রহটি বসবাসের উপযোগী কিনা এবং গ্রহটিতে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা।
