২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় ১৩৭ জিম্মিকে ‘কবর’

কেনিয়ার সরকারি বাহিনী শপিং মলের ভবন ভেঙে অভিযান চালিয়ে ১৩৭ জিম্মির ‘কবর’ রচনা করেছে বলে দাবি করেছে হামলার ঘটনায় জড়িত বিদ্রোহীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2013, 06:49 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

সেনারা ভবন ভাঙার সময় রাসায়নিক গ্যাস ব্যবহার করেছে এবং ভবনের কিছু অংশ ধসে পড়ে জিম্মিরা নিহত হয়েছে বলে জানায় তারা।

সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব তাদের এক টুইটার একাউন্টে লিখেছে, শপিংমলের ভেতরে মুজাহিদীনদেরকে পরাজিত করতে না পেরে কেনিয়া সরকার শেষ পর্যন্ত অবরোধের অবসান ঘটাতে রাসায়নিক গ্যাস ব্যবহার করে।

কিন্তু কি গ্যাস ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানায়নি জঙ্গিরা।

কেনিয়া সরকার তাৎক্ষণিকভাবে এ অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’।

কেনিয়া সরকারের মুখপাত্র মানোয়া এসিপিসু বলেন, আল শাবাবের এ দাবির কোনো সত্যতা নেই। জিম্মি উদ্ধার অভিযানে কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়নি। জিহাদিরা শপিং মলে আগুন দেয়ায় ভবন ধসে পড়েছে।

আগুনের কারণে ভবনটির তৃতীয় তলা নড়বড়ে হয়ে ভেঙে পড়লে দ্বিতীয় তলা থেকে নিচ পর্যন্ত ভবন ধসে পড়ে। এতে ৮ জন নিহত হয়। জঙ্গিদেরও কেউ এদের মধ্যে থাকতে পারে বলে জানান এসিপিসু।

শপিং মলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা সরকারি হিসাবে ৬১ বলে জানান তিনি। তবে ভেতরে আরো মৃতদেহ থেকে থাকতে পারে। সেকারণে নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

গত শনিবার দুপুরে অভিজাত এই শপিং মলটিতে হামলা চালায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব। দেশি-বিদেশি ক্রেতার ভিড় লেগে থাকা শপিং মলটিতে বেপরোয়া গুলিবর্ষণ করে অনেক মানুষকে হত্যার পর বিপুল সংখ্যাক মানুষকে জিম্মি করে রাখে তারা।

হামলার দায়িত্ব স্বীকার করে আল শাবাবের পক্ষ থেকে সোমালিয়ায় মোতায়েন কেনীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।

জঙ্গিদের দাবি না মেনে মলটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কেনীয় সরকার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের চারদিন লড়াইয়ের পর এর রক্ত ক্ষয়ের মধ্যদিয়ে এর সমাপ্তি হয়।