সুইজারল্যান্ডের টিকিনোতে নেকাব নিষিদ্ধ
সুইজারল্যান্ডের সর্বদক্ষিণের অঞ্চল টিকিনোতে জনসম্মুখে সম্পূর্ণ মুখঢাকা নেকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।
রোববার ওই অঞ্চলের ৬৫ শতাংশ নির্বাচকমণ্ডলী যে কোনো দলের জনসম্মুখে পুরো মুখ ঢাকা কাপড় পরা থেকে বিরত থাকার পক্ষে মত দেন বলে এনডিটিভির খবরে জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, “প্রার্থনার স্থান ছাড়া রাস্তায় বা উন্মুক্ত স্থানে কারো মুখোশ পরে বা মুখ ঢেকে চলা উচিত নয়। সরকারি কাজের ক্ষেত্রে তো নয়ই।“
মুসলিম নারীদের মুখ ঢেকে চলার রীতি সম্পর্কে বলা হয়, “শুধু মাত্র লিঙ্গের ভিন্নতার কারণে একজন ব্যক্তি অন্য একজনকে মুখ ঢেকে চলার কথা বলতে পারে না।“
যদিও দেশটির মুসলিম সমাজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
ফ্রান্স ও বেলজিয়ামে পুরো মুখ ঢাকা নেকাব পরা নিষিদ্ধ।
সুইজারল্যান্ডের ২৬টি প্রদেশের মধ্যে টিকিনোতেই প্রথমবারের মতো এ ধরণের কোনো নিষেধাজ্ঞা জারি করা হলো।
রোববার এই নিষেধাজ্ঞা জারি করার পর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ইসলামিক কাউন্সিল এর কড়া সমালোচনা করে এক বিবৃতিতে জানান, “আমাদের মনে হচ্ছে সুইজারল্যান্ডে মুসমানদের জীবনযাপন আরো কঠিন করে তোলার প্রচেষ্টার একটি অংশ এটি। জনসম্মুখে ইসলামিক রীতিনীতি নিষিদ্ধ করে তারা সেটাই করতে চাইছে।“
“এটা কোনো আইনিভিত্তি বা গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়াই মুসলিম নারীদের মৌলিক সাংবিধানিক অধিকার হরণ করার সামিল।“
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সুইজারল্যান্ড শাখার প্রধান ম্যানোন স্চিক সমালোচনা করে বলেন, “ভয় এবং একজনের মূল্যবোধ ও আচরণকে বাধাগ্রস্ত করে সৃষ্টি করা সমস্যা এক নয়। এতে পুরো দেশবাসীর মেৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।“
দেশটির সংসদ বিষয়টি নিয়ে কথা বলবে এবং দেশের স্থিতিশীলতার জন্য সকলকে ধর্মীয় স্বাধীনতা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সুইজারল্যান্ডের ছোট প্রদেশগুলোর একটি টিকিনো। যেখানে মোট জনসংখ্যা সাড়ে তিন লাখ। আর দেশটির মোট জনসংখ্যা ৮০ লাখ যার মধ্যে চার লাখ মুসলিম।
