২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে পুলিশ স্টেশনে রকেট হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশ সদর দপ্তর লক্ষ করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার এ হামলা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলার।

আঙ্কারার ডিকমেন এলাকায় অবস্থিত এই দপ্তরের পুলিশের পরিচালনা বিভাগের দুটি ভবনে দুটি রকেট আঘাত হেনেছে, অপর রকেটটি দপ্তর প্রাঙ্গণে বিস্ফোরিত হয়েছে।

এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গুলার।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র ডিকমেন। এই হামলার পেছনে কারা আছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

তবে হামলাস্থলের কাছাকাছি একটি স্থান থেকে পুলিশ “অবৈধ সংগঠনের” মালিকানাধীন রকেট লঞ্চার এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে বলে জানিয়েছেন গুলার।

বাম চরমপন্থী, ইসলামপন্থী মৌলবাদী এবং কুর্দি বিদ্রোহীরা অতীতে তুরস্কের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে এক রক্ষীকে হত্যার দায় স্বীকার করেছিল বাম চরমপন্থী রেভুল্যুশনারি পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট (ডিএইচকেপি-সি)।

এছাড়া মে মাসে সিরীয় সীমান্তের রেহানলি টাউনে এক গাড়িবোমা হামলায় ৫০ জন নিহত হলে তার দায় সিরিয়া সরকারের ওপর চাপিয়েছিল তুর্কি সরকার। সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে তুর্কি সরকার।