ইয়েমেনে পৃথক হামলায় ৩০ সেনা নিহত
দক্ষিণ ইয়েমেনে সামরিক বাহিনীকে লক্ষ করে দুইটি হামলায় অন্ততপক্ষে ৩০ জন সেনা নিহত হয়েছেন।
স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার ভোরে হামলা দু’টি চালানো হয়।
শাবওয়া প্রদেশের আল-নাশামা সামরিক ক্যাম্পে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন মারা যান।
এছাড়া মেফা শহরে একটি সামরিক চৌকিতে বন্দুকধারীদের হামলায় ১০ সেনা সদস্য নিহত হন।
আরব উপদ্বীপের আল কায়েদা সদস্যরা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস স্থানীয় কর্মকর্তাদের।
তারা জানান, একটি গাড়ির চালক সেনা ক্যাম্পে ঢোকার জন্য গেটের কাছে চিৎকার করছিলেন। এ সময় একদল সেনা গেটের কাছে গেলে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
অন্য গাড়িবোমাটি ক্যাম্পের ভেতরেই বিস্ফোরিত হয়।
শাবওয়া প্রদেশ ইয়েমেনের দুর্গম এলাকা যেখানে আইনশৃঙ্খলার ওপর কেন্দ্রের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। কয়েক বছর ধরে সেখানে ইসলামপন্থী জঙ্গী ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে।
ওয়াশিংটন ও উপসাগরীর দেশগুলোর জন্য ইয়েমেনে স্থীতিশীলতা বজায় থাকা জরুরি। কারণ জাহাজে তেল বহনের বড় পথের কাছে দেশটির অবস্থান। এছাড়া পাশেই বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানীকারক দেশ সৌদি আরব।
আল কায়েদার বিভিন্ন শাখার মধ্যে আরব উপদ্বীপের আল কায়েদা সদস্যদের সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করে পশ্চিমা বিশ্ব। কারণ তারা আন্তর্জাতিক বিমানে বেশ কয়েকবার বোমা হামলা চালানোর চেষ্টা করেছে।
২০১১ সালে আরব বসন্তে রাজনৈতিক অস্থিতিশীলতার সময় ইয়েমেন সরকার দেশটির দক্ষিণের কয়েকটি শহর ও এলাকার ওপর থেকে নিয়ন্ত্রণ হারায়। ইসলামপন্থী জঙ্গীরা এই নিয়ন্ত্রণহীনতার সুযোগ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সহায়তায় গত বছর তাদের অনেকটাই নির্মূল করতে পেরেছিলো ইয়েমেন সেনাবাহিনী। কিন্তু তারপরও তারা সরকারি বিভিন্ন স্থাপনা ও সামরিক লক্ষ্যে হামলা অব্যাহত রেখেছে।
