সিরিয়া বিষয়ে সিদ্ধান্তকে স্বাগত ফ্রান্সের
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার চুক্তিকে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” অভিহিত করে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। এটি সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানের পথ খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার এক টেলিভিশন বক্তৃতায় ওলান্দ এসব কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
তিনি বলেন, “সামরিক অভিযানের পথ খোলা রাখতে হবে, না হলে এ বিষয়ে কোনো চাপ থাকবে না।”
চলতি সপ্তাহের শেষ দিকে সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাবের বিষয়ে সমঝোতা হতে পারে বলে তিনি জানিয়েছেন।
এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার ওলান্দ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনায় মিলিত হবেন।
দামেস্ক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলেও যেন সিরিয়া তার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে বা হস্তান্তর করতে বাধ্য হয় তার জন্য দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ রাখার প্রয়োজন আছে বলেও জানান ওলান্দ।
তিনি বলেন, “প্রতিশ্রুতি ও নিরাপত্তা পরিষদের লক্ষ্য যেন ঠিকমতো পালিত হয় তার জন্য নিষেধাজ্ঞার হুমকিগুলোও অন্তর্ভুক্ত করা উচিত।”
“কিন্তু এর পরবর্তী পদক্ষেপ হবে সিরিয়া সঙ্কটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা।”
সিরিয়া বিষয়ে ফ্রান্স কঠোর মনোভাব গ্রহণ করেছে বলে বিবিসির প্যারিস প্রতিনিধি জানিয়েছেন। এমনকি ফ্রান্সের নাগরিকরাও তাদের দেশের মনোভাবকে অতিরিক্ত কঠোর বলে মনে করে।
কিন্তু সিরিয়ার বিদ্রোহী জোটকে সহায়তা করার প্রতিশ্রুতিতে আবদ্ধ ফ্রান্সের শঙ্কা, যুক্তরাষ্ট্র-রাশিয়ার সমোঝতা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরো শক্তিশালী করে তুলবে।
ওলান্দ বলেন, “ভবিষ্যৎ সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের কোনো স্থান নেই, জিহাদিদেরও নেই।”
নিরাপত্তা পরিষদের নতুন খসড়া প্রস্তাবটি তৈরি করার জন্য সোমবার প্রেসিডেন্ট ওলান্দ ও পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়ার হগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরির সঙ্গে আলোচনায় মিলিত হবেন।
প্যারিসে খসড়া প্রস্তাবটি তৈরি হওয়ার পর এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদনের জন্য মস্কো নিয়ে যাওয়া হবে। পুতিনের অনুমোদন সাপেক্ষে এটি নিরাপত্তা পরিষদে তোলা হবে। যেখানে এটি অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এই প্রস্তাবে বলা হবে, এক সপ্তাহের মধ্যে সিরিয়া তার সব রাসায়নিক অস্ত্রের পূর্ণ বিবরণ দাখিল করবে, আর এসব অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝির মধ্যে ধ্বংস করা হবে।
সিরিয়া এটি করতে ব্যর্থ হলে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী শেষ প্রচেষ্টা হিসেবে সিরিয়ার ওপর শক্তি প্রয়োগ করা হবে।
এদিকে, রোববার যুদ্ধ এড়ানো রুশ-যুক্তরাষ্ট্র চুক্তিকে একটি “বিজয়” বলে উল্লেথ করেছেন সিরিয়ার একজন সম্প্রীতি বিষয়ক মন্ত্রী আলি হায়দার।
