২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে ‘পরিণতি ভোগের’ হুঁশিয়ারি ওবামার

রাসায়নিক অস্ত্র পরিকল্পনা ব্যর্থ হলে সিরিয়াকে এর ‘পরিণতি ভোগ’ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 06:04 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস বা অন্য কোথাও সরিয়ে নেয়ার ব্যাপারে রুশ-মার্কিন সমঝোতাকে স্বাগত জানালেও ওবামা দামেস্ককে এ সতর্কবার্তা দেন।

শনিবারের ওই সমঝোতা চুক্তি অনুযায়ী, সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তাদের রাসায়নিক অস্ত্রভান্ডারের পূর্ণ বিবরণ দিত হবে।

এরপর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সে সমস্ত অস্ত্র ধ্বংস করা নয়ত সেদেশ থেকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে।

ওবামা বলেন, সিরিয়া তা করতে ব্যর্থ হলে শেষ অস্ত্র হিসাবে জাতিসংঘ প্রস্তাবনার মাধ্যমে শক্তি প্রয়োগ করে চুক্তি কার্যকর করা হবে।

তবে যুক্তরাষ্ট্রে কর্মকর্তারা আরো একধাপ এগিয়ে গিয়ে বলছেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ারও ওবামার আছে।

রুশ-মার্কিন চুক্তিতে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জাতিসংঘ এবং নেটো সন্তোষ প্রকাশ করলেও দামেস্ক থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওবামা এক বিবৃতিতে, রাসায়নিক অস্ত্র বিষয়ক চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ আখ্যা দিয়ে একইসঙ্গে সিরিয়াকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন।

কূটনীতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত হয়ে আছে বলে জানিয়েছে পেন্টাগন।