সর্বশেষ পরমাণু চুল্লি বন্ধ করছে জাপান
জাপানে চালু থাকা সর্বশেষ পরমাণু চুল্লিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে।
পশ্চিমাঞ্চলীয় ওহি এলাকার ৪ নং পরমাণু চুল্লিতে সোমবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে অন্তত ডিসেম্বর নাগাদ জাপান পারমাণবিক বিদ্যুৎহীন থাকছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
১৯৬০ এর দশকের পর সাম্প্রতিক সময়েই দেশটিতে একের পর এক বন্ধ করে দেয়া হয়েছে পারমাণবিক চুল্লি।
২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় দূষণকে কেন্দ্র করে জনমত পরমাণু শক্তির বিপক্ষে চলে যায়।
সুনামিতে ফুকুশিমা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার আগে জাপানের বিদ্যুৎশক্তির প্রায় ৩০ শতাংশই সরবরাহ হত এখান থেকে।
কিন্তু দুর্ঘটনার পর থেকে মেরামতি কার্যক্রম কিংবা নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রটি বন্ধ রাখা হয়।
গত বছর মে এবং জুনে জাপান একবার সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়ে পরমাণুশক্তি মুক্ত হলেও পরে ফুকুশিমা কেন্দ্র পরিচালনা কোম্পানি টেপকোকে ওহি এলাকার চুল্লিটি পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছিল।
পরমাণু চুল্লি চালু রাখার ক্ষেত্রে জনগণের ভীতি দূর করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার চাপে আছে জাপান সরকার।
নিরাপত্তা বজায় রাখতে নানা পদক্ষেপ যাচাই করে দেখা এবং পরমাণু চুল্লি পুনরায় চালু সংক্রান্ত আইনি বাধা দূর করতে প্রায় ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
তারা জানান, জাপানের বিদ্যুৎ কোম্পানিগুলো এ পর্যন্ত বেশ কিছু পারমাণবিক চুল্লি পুনরায় চালুর জন্য আবেদন জানিয়েছে।
