‘ক্ষুদ্র আদিবাসী গোত্রের শত মানুষ হত্যা’
দক্ষিণ সুদানের সেনাবাহিনী দেশটির ছোট এক আদিবাসী গোত্রের অন্তত ১০০ জন সদস্যকে হত্যা করেছে। তাদের কয়েকজনকে অত্যন্ত ঠাণ্ডামাথায় হত্যা করা হয়েছে।
শুক্রবার নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত সেনাবাহিনী মুরলে আদিবাসীদের অন্তত ৯৬ জনকে হত্যা করেছে। তাদের মধ্যে ৭৪ জন সাধারণ মানুষসহ ১৭ জন নারী ও শিশুও রয়েছেন। অনেককে ক্রসফায়ারে গুলি করে হত্যা করা হয়েছে।
সাত মাস ধরে পূর্বদিকের জংলেই অঞ্চলে সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলাকালে এই হত্যার ঘটনা ঘটে।
দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী কুওল ম্যানিয়াং প্রতিবেদনটি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বিস্তারিত আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে তিনি রয়টার্সকে বলেন, সেনাবাহিনী ওই অঞ্চলে নির্যাতন চালিয়েছিল কিনা তা তদন্ত করে দেখতে কর্তৃপক্ষ অগাস্টে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ইথিওপিয়া সীমান্তে জংলেই অঞ্চলে সুদানের সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতা মুরলে আদিবাসীর ডেভিড ইয়াউ ইয়াউর নেতৃত্বে গঠিত বাহিনীর সংঘাত চলছে।
ইয়াউ ইয়াউ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর নির্যাতন, দুর্নীতি ও দক্ষিণ সুদানের বর্তমান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ।
এদিকে সেনাবাহিনীকে নতুনভাবে ঢেলে সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরকে।
জংলেই অঞ্চলে হত্যা ও নির্যাতন চালানোর অভিযোগে গত মাসে ওই অঞ্চলের বেশ কয়েকজন জেনারেলকে গ্রেপ্তারের আদেশ দেন তিনি।
দক্ষিণ সুদানের অভিযোগ সুদান ইয়াউ ইয়াউ দলকে অস্ত্রের যোগান দিচ্ছে। তবে সুদানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।
কয়েক দশক ধরে চলা যুদ্ধের পর আফ্রিকার দেশগুলোতে এমনিতেই প্রচুর অস্ত্র ছড়িয়ে পড়েছে। তার ওপরে ভারী অস্ত্র নিয়ে সেনাবাহিনীর আগ্রাসন পশ্চিমা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে।
