যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার আহ্বান আল কায়েদার
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার শীর্ষনেতা আয়মান আল জাওয়াহিরি যুক্তরাষ্ট্রের ভেতরে ছোট পরিসরে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।
দেশটির অর্থনীতিকে পর্যুদস্ত করার জন্যই এই হামলার আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছেন জাওয়াহিরি।
উল্লেখযোগ্য সংখ্যক আরো হামলা দেখার প্রত্যাশা করছেন বলেও তিনি তার বক্তব্যে যোগ করেছেন।
ইন্টারনেটে জঙ্গিদের বিভিন্ন সাইট পর্যবেক্ষণকারী একটি প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলা চালানোর ১২ বছরপূর্তির একদিন পর এক অডিও ভাষণে এ কথা বলেন জাওয়াহিরি।
ওই হামলার জন্য আল কায়েদাকে দায়ী করা হয়। পরবর্তী সময়ে ভয়াবহ ওই হামলা বিশ্বব্যাপী ৯/১১ হামলা বলে পরিচিতি পায়। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ মারা যান।
ইন্টারনেটে পোস্ট করা অডিওবার্তায় জাওয়াহিরি বলেন, “একজন ভাই কিংবা কয়েকজন ভাই মিলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দিতে পারে।”
কেননা তাতে নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র আরো বিপুল পরিমাণ ব্যয় করবে যাতে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, বলেন জাওয়াহিরি।
তিনি আরো বলেন, “আমাদের উচিৎ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ক্ষরণ ঘটানো আর সেটা তাদের বিপুল ব্যয়ে পরিচালিত নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর বিষয়টিকে উস্কে দেবে। কেননা, যুক্তরাষ্ট্রের মূল দুর্বলতা হচ্ছে তার অর্থনীতি যা ইতোমধ্যে সেনা ও নিরাপত্তা খাতে ব্যয়ের মধ্যদিয়ে হিমশিম খাচ্ছে।”
“আর যুক্তরাষ্ট্রকে আতঙ্ক ও উদ্বেগের রাষ্ট্রে পরিণত করতে কয়েকটি এখানে-সেখানে কয়েকটি বেপরোয়া হামলা চালানোর মধ্যদিয়েই সম্ভব”- অডিওবার্তায় দাবি করেন আল কায়েদা নেতা।
ওই বার্তায় জাওয়াহিরি বিশ্বের মুসলিমদের প্রতি আমেরিকা ও তার মিত্রদের তৈরি পণ্য বর্জনেরও আহ্বান জানান, কেননা এই পণ্য ক্রয়ের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের অর্থায়ন করা হয় যারা মুসলিম ভূমিতে হামলা চালায়।
