২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ শিল্পাঞ্চল পুনরায় চালুতে সম্মত দুই কোরিয়া

বন্ধ হয়ে যাওয়া যৌথ শিল্পাঞ্চল নিরীক্ষার ভিত্তিতে পুনরায় চালু করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Sep 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

দক্ষিণের একত্রীকরণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে শিল্পাঞ্চলটি চালু হবে।
দক্ষিণের সঙ্গে উত্তরের সম্পর্ক উন্নয়নে একত্রীকরণ মন্ত্রনালয় কাজ করছে।

দুই কোরিয়াই মূলত কায়েসং শিল্পাঞ্চলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করার চেষ্টা করছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বন্ধ থাকার কারণে সেখানকার কারখানাগুলোকে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তা পুষিয়ে নিতে বছরের বাকি সময়ের জন্য তাদের কর প্রদান থেকে অব্যাহতি দেয়া হবে।

উত্তর কোরিয়া এ বছরের শুরুতে দক্ষিণ কোরিয়াকে পারমানবিক হামলার হুমকি দেয়।
ওই উস্কানির জবাব দিতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন সামরিক পরিকল্পনা চুক্তি সাক্ষর করে।
এর পর থেকে উত্তর কোরিয়ার সুর কিছুটা নরম হয়।

জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা সত্বেও ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
এরপরই তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবং নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত বলে ঘোষণা করে।

শিল্পাঞ্চলটির মাত্র কয়েক কিলোমিটার উত্তর কোরিয়ার মধ্যে। দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দিলে এপ্রিলে উত্তর কোরিয়া তাদের ৫৩হাজার শ্রমিককে সেখান থেকে সরিয়ে নেয়। এরফলে শিল্পাঞ্চলটি বন্ধ হয়ে যায়।

দুই কোরিয়ার মধ্যে ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধে যেসব পরিবার বিভক্ত হয়ে গেছে তাদের পুনর্মিলনের ব্যাপারেও দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে।
সর্বশেষ ২০১০ সালে দুই কোরিয়ার অধিবাসীরা এই সুযোগ পেয়েছিলো।