দিল্লি ধর্ষণ: চার আসামি দোষী সাব্যস্ত
ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
ধর্ষণের ঘটনার প্রায় নয় মাস পর মঙ্গলবার ভারতের একটি দ্রুত বিচার আদালত এই আদেশ দেয়।
ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংয়ের মৃত্যুদণ্ড হতে পারে।
দ্রুত বিচার আদালতের বিচারক যোগেশ খান্না আদেশে বলেন, “আমি সব অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছি। ধর্ষণ, আলামত নষ্ট ও অসহায় তরুণীকে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।”
গত ১৬ ডিসেম্বর রাতে সিনেমা দেখে বন্ধুর সঙ্গে ফেরার সময় চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির ওই ছাত্রী। ছয় পাষণ্ড ধর্ষণের আগে ছাত্রীর বন্ধুকে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তাদের দুজনকেই চলন্ত বাস থেকে ফেলা দেয়া হয়।
এর দুই সপ্তাহ পর মারাত্মক আহত ওই ছাত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা।
এই বিক্ষোভের প্রেক্ষাপটে নারীর সুরক্ষা নিয়ে জাতীয় পর্যায়েও বিতর্ক তৈরি হয়। প্রবল বিতর্কের মুখে আইন সংশোধন করে নারী নির্যাতনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে প্রধান আসামি বাসচালক রাম সিং কারাগারে মারা যান। মারা যাওয়ার পর তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
গত মাসে অপ্রাপ্তবয়স্ক আরেক অভিযুক্তকে তিন বছর সংশোধনাগারে রাখার নির্দেশ দেয় ভারতের কিশোর আদালত।
মঙ্গলবার রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আসামিদের কয়েক হাত দূরে বসেছিলেন নিহতের বাবা-মা, একমাত্র মেয়ের লেখাপড়ার স্বপ্ন পূরণের জন্য যারা নিজেদের ছোট্ট এক টুকরো জমিও বেচে দিয়েছিলেন।
রায় ঘোষণার সময় কান্নাজড়িত কণ্ঠে মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তারা।
বিচারক রায় পড়ার সময় আসামি পবনকে ভেঙে পড়তে দেখা যায়। বিনয়ের চেহারাও হয়ে ওঠে বিমর্ষ।
আর মুকেশকে বলতে শোনা যায়, তারা যা করেছে তার ফল তাদের ভোগ করতে হবে।
চতুর্থ আসামি অক্ষয় এ সময় ছিল নির্বিকার।
