৫০ জঙ্গিকে হত্যার দাবি নাইজেরীয় সেনাবাহিনীর
বিমান বাহিনীর সহায়তায় নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ৫০ সদস্যকে খুঁজে বের করে হত্যা করার দাবি করেছে নাইজেরীয় সেনাবাহিনী।
শনিবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন সেনা মুখপাত্র সগির মুসা।
তিনি বলেন, “বিমান বাহিনীর সহায়তা নিয়ে সেনারা সন্ত্রাসীদের শিবিরের খোঁজ পায়। এখানে এক বন্দুকযুদ্ধে ৫০ সন্ত্রাসী নিহত হয়।”
এর আগে, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে, উত্তরপূর্বাঞ্চলের বর্নো রাজ্যের দুটি গ্রামে হামলা চালিয়ে সন্দেহভাজন বোকো হারাম সদস্যরা ২০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বোকো হারাম ও অন্যান্য কয়েকটি দলছুট ইসলামপন্থী গোষ্ঠী উত্তর নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন চালু করতে চায়। এ গোষ্ঠীগুলো দেশটির স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
