সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা মালালার
‘সবাই স্কুলে যেতে পারবে’ এমন একটি পৃথিবী গড়ার লক্ষ্যে আরো দৃঢ়ভাবে নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই।
হেগে দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ-২০১৩ গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি নিজের এই লক্ষ্যের কথা জানান বলে দ্য ডন জানিয়েছে।
মালালার হাতে এই পুরস্কার তুলে দেন ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইয়েমেনের সাংবাদিক ও সমাজকর্মী তাওয়াক্কাল কারমান।
কারমান বলেন, “তুমি (মালালা) আমার নায়ক। তুমি চিৎকার করে বলেছো: ‘কেউ আমাকে থামাতে পারবে না অথবা কোনো মেয়েকে শিক্ষা নেয়া থেকে থামানো যাবে না।”
“যেই মুহূর্তে গুলি তোমার মাথায় আঘাত করেছে ওই মুহূর্তটি তোমার দেশের ইতিহাসের একটি মাইলফলক হয়ে গেছে।“
২০১২ সালের অক্টোবরে তালেবান হামলায় গুরুতর আহত হন পাকিস্তানের এই কিশোরী। মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করার জন্য স্কুল বাসে উঠে তাকে গুলি করে তালেবান। ওই হামলায় মাথায় গুরুতর আঘাত পান মালালা।
অক্টোবরের ওই হামলা নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে আরো দৃঢ়প্রতিজ্ঞ করেছে জানিয়ে মালালা বলেন, “আমি তাদের নিষ্ঠুরতার একটি লক্ষ্য ছিলাম মাত্র। এরকম আরো অনেকেই আছে।“
“তাই আমাদের লাড়াই চালিয়ে যেতে হবে, যাতে বিশ্বের সব শিশুরা স্কুলে যাওয়ার অধিকার পায়।“
হামালার পর মৃত্যুপথযাত্রী মালালাকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা দেয়া হয়। এখন তিনি সেখানেই বসবাস করছেন।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার মালালা। তবে নিজ দেশে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
পাকিস্তানে কেউ তাকে জাতীয় বীর মনে করেন আবার কেউ তার সমালোচনা করে তাকে পশ্চিমা বিশ্বের দালালও বলেন।
নেদারল্যান্ডভিত্তিক শিশু অধিকার সংস্থা ২০০৫ সাল থেকে ‘দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’ দিয়ে আসছে। বিজয়ীকে এক লাখ ইউরো আর্থিক পুরস্কার দেয়া হয়।
সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর এই পুরস্কার প্রবর্তন করেন।
গতবছর ১৩ বছর বয়সী ক্রিস ‘কেজ’ ভালদেজ এই পুরস্কার পায়। ফিলিপাইনের রাস্তার শিশুদের নিয়ে ক্রিস কাজ করে, যেখানে সে নিজেও একজন সুবিধা বঞ্চিত শিশু।
