অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন চলছে
অস্ট্রেলিয়ার পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন লাখ লাখ ভোটার। এই নির্বাচনে বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোটের লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।
বুথ ফেরত জরিপ আভাস দিচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী কেভিন রুডের লেবার পার্টি বিরোধীদলের চেয়ে কম আসনে জয়ী হবে। যদি তাই হয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় লেবার পার্টির ছয় বছরের শাসনের অবসান হতে চলেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
মাত্র তিন মাস আগে লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পদে আবার ফিরে এসেছিলেন কেভিন রুড। ২০১০ সালে পার্টির নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়েই রুডকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন জুলিয়া গিলার্ড।
দেশের বাজেট ঘাটতি সামাল দিতে প্রতিদ্বন্দ্বী অ্যাবোট ও রুডের অবস্থান দুই মেরুতে। কিন্তু নৌকাযোগে সাগরপথে আসা শরণার্থীদের ঠেকাতে উভয়ই কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে।
অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ১৮ বছরের ওপরে সবার ভোট দেয়া বাধ্যতামূলক। নির্বাচনে ১ কোটি ৪০ লাখ ভোটার ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।
সকালের মধ্যেই ৩২ লাখ ভোট দেয়া হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দ্রুততায় এটি একটি রেকর্ড বলে জানিয়েছে তারা।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে স্থানীয় সময় ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষ করা হবে। পশ্চিমাঞ্চলে এর ২ ঘন্টা পর থেকে ভোট গ্রহণ শুর হয়েছে, শেষও হবে দুই ঘন্টা পর।
