জারদারির বিদায় সংবর্ধনা
পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ৮ সেপ্টেম্বর আসিফ আলি জারদারির মেয়াদ শেষ হচ্ছে। এই উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনার আয়োজন করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে সব বিরোধীদলকে আমন্ত্রণ জানানো হলেও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ– নওয়াজকে (পিএমএল-এন) আমন্ত্রণ জানানো হয়নি বলে দ্য ডন জানিয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দল, পিএমএল-কিউ, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), জামায়াত ই ইসলামীর (জেআই) নেতাদের এবং কেন্দ্র শাসিত ক্ষুদ্র নৃগোষ্ঠি অধ্যুষিত অঞ্চলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। তবে অনুষ্ঠানে সাদিক আসবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।
অন্যান্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশরাফ এবং পার্লামেন্টের অধিবেশন কভার করা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে খুরশিদ শাহ ডনকে জানিয়েছেন, পার্লামেন্টের বিরোধীদলীয় সব সদস্যকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে স্পিকারের ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও এক্ষেত্রে স্পিকারের অনুমতি নেয়া হয়নি বলে পাকিস্তান জাতীয় পরিষদের কয়েকটি সূত্র জানিয়েছেন। অবশ্য বিষয়টি নিয়ে স্পিকার কোনো আপত্তি তুলেননি বলেও জানিয়েছেন তারা।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসে জাতীয় পরিষদ ভবনে বিদায়কালীন সংবর্ধনা পাওয়া প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জারদারি। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতারা শুভেচ্ছা বক্তব্য দেয়ার পর আগতদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জারদারি।
৮ সেপ্টেম্বর পাকিস্তানের ইতিহাসে মেয়াদ পূর্ণ করা প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জারিদারি।
