সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পুতিন
সিরিয়ার বিরুদ্ধে একপেশে সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের অনুমোদন ছাড়া সামরিক অভিযান চালালে তা “আগ্রাসন” হতে পারে বলে পুতিন মন্তব্য করেছেন।
কথিত রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ বিষয়ে পুতিন বলেছেন, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে এমনটি “নিশ্চিত ভাবে” প্রমাণিত হলে নিরাপত্তা পরিষদ যদি শক্তি ব্যবহারের পরামর্শ দেয় রাশিয়া তা আগ্রাহ্য করবে না।
তবে জাতিসংঘের পরামর্শ ছাড়াই যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে রাশিয়া কি প্রতিক্রিয়া দেখাবে তা বলার সময় এখনও হয়নি বলে জানান তিনি।
পুতিনের এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটি সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর একটি খসড়া প্রস্তাব অনুমোদন করে।
৬০ দিনে অভিযান শেষ করার নির্দেশনা দেয়া এই প্রস্তাবটির ওপর আগামী সপ্তাহে কংগ্রেস অধিবেশনের সময় ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের প্রান্তীয় অঞ্চলে ২১ অগাস্ট রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা। এই হামলার জন্য বিদ্রোহী ও সরকার পরস্পরকে দায়ী করে।
কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো আসাদ সরকারই দায়ী বলে রায় দেয়। যদিও এ সম্পর্কে জাতিসংঘের তদন্ত ফলাফল এখনো প্রকাশ হয়নি।
হামলায় ৪শ’ ২৬ জন শিশুসহ ১ হাজার ৪শ’ ২৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অন্যান্য দেশ ও সংস্থা হামলায় আরো কম মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছে।
