২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাজ্যসভায় খাদ্য নিরাপত্তা বিল পাস

ভারতের ৮০ কোটি মানুষের খাদ্যে ভর্তুকি দেয়ার লক্ষ্যে ২ হাজার কোটি মার্কিন ডলারের প্রকল্প অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজসভা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 02:55 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

এই প্রকল্পের আওতায় গম ও চালে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেয়া হবে বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।

সোমবার রাজ্যসভা এই প্রকল্প অনুমোদন করে।

২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিতব্য ভারতের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ভোটারদের মন গলানোর লক্ষ্যে এই খাদ্য নিরাপত্তা বিল উপস্থাপন করেছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তায় দেশটির নিম্নকক্ষ লোকসভায় এই বিল পাস হওয়ার পর বিনিয়োগকারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের ধারণা ভর্তুকির ব্যয় মেটানোর লক্ষপূরণে সরকারকে হিমশিম খেতে হবে, যার প্রভাব পড়বে বিনিয়োগে।

লোকসভা ও রাজ্যসভায় এই বিল অনুমোদন পাওয়ায় এখন শুধু ভারতের রাষ্ট্রপতির সই হওয়া পর্যন্ত অপেক্ষা। এরপরই এটি আইনে পরিণত হবে।