২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিহাদকে পাঠ্যপুস্তকে ফেরাচ্ছেন ইমরান খান

পাঠ্যপুস্তক থেকে বাদপড়া জিহাদি বিষয়বস্তুকে পুনরায় ফেরানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইমরান খানের দলের সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 06:50 PM

সাবেক ক্রিকেটারের দল তেহরিক-ই ইনসাফের নেতৃত্বাধীন ওই প্রদেশের সরকারের জামায়াতে ইসলামীও রয়েছে।

ভারতের সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া মঙ্গলবার তাদের অনলাইন সংস্করণে এই খবর দিয়েছে।

জঙ্গি হামলায় ক্ষত-বিক্ষত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আওয়ামী ন্যাশনাল পার্টি নেতৃত্বাধীন সরকার ২০০৮ সালে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে জিহাদের বিষয়বস্তু বাদ দেন।

অসাম্প্রদায়িক ওই দলকে হারিয়ে ক্ষমতায় আসা তেহরিক ও জামায়াতের জোট সরকার এখন ওই সিদ্ধান্ত পাল্টে দিতে চাচ্ছে।

প্রাদেশিক তথ্যমন্ত্রী শাহ ফরমান এক সংবাদ সম্মেলনে বলেন, আগের সরকারের ‘ভুল’ শোধরাবেন তারা।

“এটা কি ধরনের সার্বভৌমত্ব, যেখানে জিহাদি বিষয়বস্তু পাঠ্যবইয়ে রাখা যাবে না। জিহাদ আমাদের বিশ্বাসের একটি অংশ, আমরা তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত থেকে পিছু হটছি না।”

আওয়ামী ন্যাশনাল পার্টি নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার জিহাদি বিষয়বস্তু বাদ দিয়ে পাঠ্যপুস্তকে কবি ও দার্শনিকদের কথা এবং খাইবার পাখতুনখাওয়ার মূল্যবোধের বিষয়গুলো সংযোজন করেছিল।