হিনির শেষকৃত্য সোমবার
নোবেলজয়ী আইরিশ কবি সিমাস হিনির শেষকৃত্য হবে ডাবলিনের ডনিব্রুকের সেক্রেড হার্ট চার্চে।
সোমবার অনুষ্ঠিতব্য এই শেষকৃত্যানুষ্ঠান পরিচালনা করবেন ফাদার কেভিন ডোরান। এরপর তাকে উত্তর আয়ারল্যান্ডে তার জন্মস্থান বেল্লাগিতে সমাহিত করা হবে।
শুক্রবার ৭৪ বছর বয়সী হিনি মারা যান। ১৯৯৫ সালে সাহিত্যে নোবেলজয়ী হিনিকে ডাব্লিও বি ইয়েটসের পর সবচেয়ে শক্তিমান কবি হিসেবে মনে করেন অনেক সাহিত্য সমালোচক।
ডনিব্রুকের চার্চে রোববার রাতে হিনিকে নিয়ে আসার সময় হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। তারা তাদের প্রিয়কবির প্রতি শ্রদ্ধা জানান। হিনির বিধবা স্ত্রী ম্যারি এ সময় উপস্থিত ছিলেন বলে বিবিসি জানায়।
ডাবলিনের ক্যাথলিক আর্চবিশপ ড. ডিয়ারমুয়িদ মার্টিন তার প্রতি শ্রদ্ধা জানান।
বেশ কিছুদিন ধরেই হিনির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। ২০১০ সালে স্ট্রোক হয়েছিল তার।
শুক্রবার কবির পরিবার এক বিবৃতিতে মৃত্যুর কথা জানায়। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
কবির মৃত্যুতে শোক জানিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনি বলেছেন, “তিনি ছিলেন আমাদের ভাষার, আমাদের ঐতিহ্যের রক্ষক।”
১৯৩৯ সালের ১৩ এপ্রিল জন্ম নেয়া হিনির প্রথম কাব্যগ্রন্থ ‘ডেথ অফ এ ন্যাচারালিস্ট’ প্রকাশিত হয় ১৯৬৬ সালে। নৈতিকতা, মানবিকতা আর ছন্দের মাধুর্য ছিল তার কবিতার অন্যতম দিক।
অনবদ্য সৃষ্টিকর্মের জন্য ১৯৯৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই কবি।
তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত বই প্রকাশক ফেবার বলেন, “এই মহান লেখকের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। তার চলে যাওয়া সাহিত্য জগতে অবর্ণনীয় ক্ষতি”।
হিনির দীর্ঘদিনের বন্ধু এন্ড্রু মোশন ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকাকে বলেন, “তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন মহান লেখক ও কবি। ব্যতিক্রমধর্মী ও বুদ্ধিদীপ্ত চরিত্রের অধিকারী ছিলেন তিনি”।
‘উইন্টারিং আউট’ (১৯৭২), নর্থ (১৯৭৫), ‘রাইট থ্রু টু স্টেশন আইল্যান্ড’ (১৯৮৪), ‘সিইং থিংস’ (১৯৯১) এবং সম্প্রতি প্রকাশিত ‘ডিস্ট্রিক্ট এন্ড সার্কেল’ (২০০৬) এবং `হিউম্যান চেইন’ (২০১০) তার অনবদ্য রচনা।
