২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামার কালক্ষেপণ আসাদকে সাহস যোগাবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক হামলা চালাতে কংগ্রেসের অনুমতির অপেক্ষায় থেকে দেরী করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার আরো সাহস সঞ্চয় করবে।সিরিয়ার আসাদ বিরোধী গোষ্ঠী এ আশঙ্কা প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন’ এর মুখপাত্র লোয়ে সাফি ওবামার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন।

ওবামা শনিবার কংগ্রেসের অনুমতি সাপেক্ষে সিরিয়ায় হামলার কথা বলার পরপরই সিরিয়ার সরকারি বাহিনী দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গোলাবর্ষণ শুরু করে।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার যুক্তরাষ্ট্রের অভিযোগ দামেস্ক অস্বীকার করেছে।কিন্তু সিরিয়ায় ২১ অগাস্টের রাসায়নিক হামলায় ১ হাজার ৪২৯ জন নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

সিরিয়াকে এ ধরনের হামলা চালানো থেকে বিরত রাখতেই প্রয়োজনবোধে সেখানে হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র।কিন্তু এ ব্যাপারে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করতে হলে ৯ সেপ্টেম্বরের আগে সিরিয়ায় হামলার কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ওবামা। কারণ, ৯ সেপ্টেম্বরে বসবে কংগ্রেস অধিরেবশন।

এ বিলম্বের কারণে দামেস্কর অধিবাসীরা যারা এ সপ্তাহান্তেই মার্কিন হামলার আশঙ্কায় ছিলেন তারা কিছুটা স্বস্তি অনুভব করলেও এতে হতাশা প্রকাশ করেছে বিদ্রোহীরা।

কারণ, এ সময়ের মধ্যে আসাদ সরকার বেশকিছু অস্ত্রশস্ত্র সরিয়ে ফেলতে পারে।

তাছাড়া, আশু সামরিক হামলার শঙ্কা কেটে যাওয়ায় আসাদ সরকার উৎসাহী হয়ে বিভিন্ন স্থানে আরো মারাত্মক হামলা চালিয়ে বসতে পারে। সিএনএন কে এ আশঙ্কার কথা জানিয়েছেন সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপের মুখপাত্র সাফি।