২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের ডাক

মিশরে সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) শনিবার ইন্টারনেটে পোস্ট করা এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

তারা বলেছে, ইসলামপন্থী বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযান প্রমাণ করেছে- শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনের চেষ্টা অর্থহীন।

গত মাসে গণবিক্ষোভের মুখে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের পর সেখানে একের পর এক জঙ্গি হামলায় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। এসব হামলার বেশিরভাগই সিনাই উপদ্বীপে হয়েছে।

তবে জঙ্গিদের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

ইন্টারনেটে দেয়া বিবৃতিতে আইএসআইএলের মুখপাত্র আবু মোহাম্মদ আল- আদনানি মিশরের সেনাবাহিনীকে ইসলামের শত্রু আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানান।

আরবি ভাষায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “মিশরের সেনাবাহিনী হলো সেই সব সেনাদের প্রতিরূপ যারা ঈশ্বরের আইন প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে বাধা দিচ্ছে এবং ধর্ম নিরপেক্ষাতা ও মানুষের তৈরি আইন প্রয়োগের চেষ্টা চালাচ্ছে।”

মুসলিম ব্রাদারহুড এবং এর সমমনা দল সালাফিপন্থী আল-নূর পার্টিরও সমালোচনা করেন এই জঙ্গি নেতা। এ দুটি দল অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছে বলে মনে করেন তিনি।

এছাড়া গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়নকে ব্যর্থ পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, এই পথে হাটার জন্যই মুসলিম ব্রাদারহুডের নেতারা হয় মারা পড়েছেন, কারাগারে ঢুকেছেন নয়তো পালিয়ে বেড়াচ্ছেন।