শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সাহায্য চান কারজাই
তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা আয়োজনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সহযোগিতা চেয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তিনি বলেন, পাকিস্তান সরকার আফগান হাই পিস কাউন্সিলের সঙ্গে জঙ্গিদের আলোচনার সুযোগ তৈরি করে দিতে পারে।
সোমবার ইসলামাবাদ সফরকালে কারজাইয়ের একথার জবাবে নওয়াজ শরীফও আফগানিস্তানকে স্থিতিশীল করার অাঞ্চলিক প্রচেষ্টায় সহায়তা করতে চান বলে জানান।
শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে এটিই কারজাইয়ের প্রথম সফর। সফরকালে শরীফের সঙ্গে বৈঠকে দু’নেতাই জঙ্গি সহিংসতার সমস্যার কথা উল্লেখ করেন। কারজাই এ বিষয়টিতে বেশি গুরুত্ব দিয়ে বলেন, নিরাপত্তা অভাবটাই দুই প্রতিবেশী দেশের মূল উদ্বেগের বিষয়।
সংক্ষিপ্ত এক বক্তব্যে কারজাই তিনবার জঙ্গি তৎপরতার বিরুদ্ধে যৌথভাবে লড়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তবে প্রথমেই তিনি আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের সহায়তার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছেন।
আগামী বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার এ আসন্ন মুহূর্তে পাকিস্তানকে সম্প্রীতির মনোভাব নিয়ে শান্তি প্রক্রিয়ায় সহায়তার করার আহ্বান জানান তিনি।
১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলে তালেবানকে সহযোগিতা করে পাকিস্তান। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে ক্ষমতাচ্যুত হওয়া তালেবানের সঙ্গে সম্প্রতি শান্তি আলোচনায় বসতে চাচ্ছে যুক্তরাষ্ট্র ও কারজাই সরকার।
যুক্তরাষ্ট্র ও আফগান প্রশাসনের সঙ্গে পাকিস্তানে লুকিয়ে থাকা তালেবানদের সংযোগ ঘটানোর মূল দায়িত্বটি পালন করছে পাকিস্তান।
সম্প্রতি দিল্লিকে নতুন মিত্র হিসেবে বেছে নিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। পাকিস্তান এতে ক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় সহযোগিতা পেতে তাদের আদি শত্রু ভারতের সঙ্গে সখ্যতা কমানোর শর্ত জুড়ে দিয়েছে কারজাই সরকারকে।
তবে পাকিস্তান তালেবান ইস্যুতে দ্বিমুখি নীতিতে রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তান।
দেশটি শান্তি প্রচেষ্টায় অংশ নেয়ার পাশাপাশি তালেবান জঙ্গিদের অস্ত্রশস্ত্র দিচ্ছে বলেও অভিযোগ তাদের।
