ইয়েমেনে সেনাবাহী বাসে বোমা হামলায় নিহত ৬
ইয়েমেনের রাজধানী সানায় বিমান সেনাবাহি একটি বাসে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন।
রোববার রাজধানীর বিমান ঘাঁটিতে যাওয়ার সময় বাসটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সানা আন্তর্জাতিক বিমান বন্দর সড়কে বিমান বাহিনীর ঘাঁটির কাছেই হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বোমাটি বাসেই পেতে রাখা হয়েছিল বলে ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তা আমিন সারি জানিয়েছেন।
তিনি বলেন, “বাসের পেছনের অংশে বোমাটি বিস্ফোরিত হয়, এতে আমাদের ছয়জন সহকর্মী ঘটনাস্থলেই নিহত হন।”
আহত অন্যান্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আল কায়েদার আরব উপদ্বীপ শাখা আল কায়েদা ইন দ্যা অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) জঙ্গিদের দমন করতে লড়াই করে যাচ্ছে ইয়েমেন সরকার। একিউএপি প্রায়ই দেশটির প্রতিরক্ষাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
