২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর: শক্তি প্রদর্শনে ব্যর্থ হল ব্রাদারহুড

মিশরে মুসলিম ব্রাদারহুডের ডাকা শুক্রবারের দেশব্যাপী গণপ্রতিবাদ কর্মসূচী প্রায় ব্যর্থ হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ব্রাদারহুড সমর্থকদের স্মরণে এই গণবিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছিল সংগঠনটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার জুমার নামাজের পর মিশরের রাজধানী কায়রোর ২৮টি মসজিদ থেকে আগতদের নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি মসজিদের জুমার নামাজ বাতিল হওয়ায় কায়রোর বিক্ষোভে তেমন লোজ জমায়েত হয়নি।

এদিন বিক্ষোভ মোকাবিলায়ও সেনা ও পুলিশ অনেকটা ঢিলেঢালা প্রস্তুতি নিয়ে ছিল।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহান্দিসিন এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভে অন্তত হাজার থানেক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ বিক্ষোভে কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও ব্রাদারহুডের ওয়েবসাইটে একজন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। নিল উপত্যকার তান্তা টাউনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রাদারহুড।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকেও একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

ব্রাদারহুডের সমর্থকরা দেশটির আলেকজান্দ্রিয়া, নিল উপত্যাকার কয়েকটি টাউনে, সুয়েজ খালপাড়ের শহর ইসমাইলিয়া, উত্তর সিনাইয়ের রাফা টাউন, দক্ষিণের আসিউত ইত্যাদি শহরে বিক্ষোভ করেছে। তবে সব জায়গায় লোকজমায়েত অপেক্ষাকৃত কম ছিল।

শুক্রবার কায়রো ও নিল উপত্যকার দুটি শহরে ৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কারা আহত হয়েছে বা কাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছের মসজিদ থেকে বের হওয়া প্রায় একশ মানুষের একটি মিছিলে অংশ নেয়া তেল প্রকৌশলি আব্দেল আজিম বলেন, “মরছি কি জিতছি, আমরা পরোয়া করি না।”

আজিমের প্রত্যয় সত্বেও প্রতিবাদ বিক্ষোভের কণ্ঠ অনেকটাই স্তিমিত ছিল। ব্রাদারহুডের বিরুদ্ধে চালানো রক্তাক্ত অভিযান ও এর নেতাদের ধরপাকড়ে গোষ্ঠিটির সাংগাঠনিক সামর্থে প্রভাব পড়াতেই এমন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

“সেনা অভ্যুত্থানকে না বলো”- এই শ্লোগান দিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহম্মদ মুরসির পক্ষেও কিছু লোক বিক্ষোভ করে।

কয়েকদিনের ধারাবাহিক সরকারবিরোধী বিক্ষোভের সূত্র ধরে গত ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। তারপর থেকে মুরসি সমর্থক ব্রাদারহুড সদস্যরা লাগাতার প্রতিবাদ বিক্ষোভ শুরু করে।

কায়রোর দুটি স্থানে ঘাঁটি গেড়ে ধারাবাহিক প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনরত মুরসি সমর্থক ও ব্রাদারহুড সদস্যদের ছত্রভঙ্গ করতে ব্যাপক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে প্রতিবাদরতদের ঘাঁটি গুড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী।

ওই দিনসহ পরের কয়েকদিনের বিক্ষোভ-সহিংসতায় প্রায় ৯শ’ মানুষ নিহত হয়। সাধারণ নেতাকর্মীসহ ব্রাদারহুডের প্রায় সব শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।

নিহতদের মধ্যে গত ১৬ তারিখ, শুক্রবার নিহত ৮২ জনের স্মরণে “শুক্রবারে শহীদ স্মরণে” ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছিল ব্রাদারহুড। ব্রাদারহুডের আগের বিক্ষোভগুলোতে লাখ লাখ মানুষ জমায়েত হলেও এদিনের বিক্ষোভে তেমন জমায়েত না হওয়ায় ব্যাপক বিক্ষোভের ডাক কার্যত ব্যার্থ হয়েছে।