আরো গোপন তথ্য ছাপবেন স্নোডেন কাণ্ডের সাংবাদিক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া গোয়েন্দা তথ্য প্রথম ছেপে দেয়া সাংবাদিক গ্রিনওয়াল্ড আরো গোপন তথ্য ছাপবেন বলে জানিয়েছেন।
গ্রিনওয়াল্ডের সঙ্গী ডেভিড মিরান্ডা হিথরো বিমানবন্দরে দীর্ঘ জেরার মুখে পড়ার পর এ অঙ্গীকার করলেন তিনি। ব্রিটেন যা করেছে সে জন্য তাদেরকে পস্তাতে হবে বলেও মন্তব্য করেন গ্রিনওয়াল্ড।
রোববার বার্লিন থেকে ব্রাজিল যাওয়ার পথে মিরান্ডাকে জঙ্গি দমন আইনে আটকায় ব্রিটিশ পুলিশ। সেখানে দীর্ঘ ৯ ঘণ্টা জেরা করা হয় তাকে।
পরে তাকে ছেড়ে দেয়া হলেও পুলিশ জব্দ করে তার ল্যাপটপ, সেলফোন এবং ডিভিডিও। আইনের নামে এ হয়রানি নিয়ে প্রশ্ন উঠেছে।
যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার কলামিস্ট গ্রিনওয়াল্ড এ সম্পর্কে বলছেন, তিনি যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি নিয়ে স্নোডেনের তথ্য ফাঁস করে দিয়েছেন। এ কারণেই তার সঙ্গীকে হেনস্থা করার মধ্য দিয়ে তাকে ভয়-ভীতি দেখানোর চেষ্টা চলছে।
কিন্তু এতে দমে না গিয়ে বরং আরো আক্রমণাত্মকভাবে গোপন তথ্য ছাপার সংকল্প নিয়ে গ্রিনওয়াল্ড বলেছেন, “আমি অারো বেশি বেশি তথ্য ছাপব। ইংলান্ডকে নিয়েও নথি ছাপব আমি। ইংল্যান্ডের গোয়েন্দা ব্যবস্থা সম্পর্কিত বহু নথি আমার কাছে আছে। তারা যা করেছে সেজন্য তাদেরকে পস্তাতে হবে”।
যুক্তরাষ্ট্রে নাগরিকদের ওপর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির(এনএসএ)আড়িপাতা কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে পলাতক স্নোডেনকে আশ্রয় দিয়েছে রাশিয়া। সাংবাদিক গ্রিনওয়াল্ডকে এনএসএ’র ওই কর্মসূচির ১৫ হাজার থেকে ২০ হাজার নথি দিয়েছিলেন স্নোডেন।
