২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন করে বিক্ষোভ-সহিংসতা, বহু হতাহত

মিশরে নিরাপত্তা বাহিনীর গণহত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী ‘ক্ষোভ দিবস’য়ের ডাকে সাড়া দিয়ে রাস্তায় রাস্তায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের মিছিল সহিংসতায় রূপ নিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

‘শুক্রবারের ক্ষোভ’ নামের এ কর্মসূচি শুরুর পর সংঘর্ষে এরই মধ্যে কেবল রাজধানী কায়রোতেই নিহত হয়েছে প্রায় ৫০ জন। অন্যান্য শহরে মারা গেছে আরো অন্তত ২০ জন।

কায়রোর রামসিস স্কয়ারের চারপাশে পুলিশী অভিযানে অন্তত ১১ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছে। রয়টার্সে এক সাংবাদিক একটি মসজিদে সাদা কাপড়ে মোড়া ২৭ টি লাশ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

উত্তরপূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া শহরে সংঘর্ষে ৪ জন এবং ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা শহরে ৮ বিক্ষোভকারী নিহত হওয়াসহ অন্যান্য শহরগুলোতে নিহত হয়েছে আরো বিক্ষোভকারী।

মুরসির দল মুসলিম ব্রাদারহুড এর আগে এক বিবৃতিতে শুক্রবার জুমার নামাযের পর দেশজুড়ে লাখ লাখ অনুসারীকে বিক্ষোভ মিছিলে নামার ডাক দেয়। বার্তায় বলা হয়, “আমাদের শহীদদের রক্তক্ষয়ের দুঃখ-বেদনার পরও সামরিক অভ্যুত্থানকারীরা সদ্য যে অপরাধ করেছে তাতে তাদের পতন ডেকে আনতে আমরা আরো দৃঢ়সঙ্কল্প হয়েছি।”

কায়রোয় মসজিদ থেকে কেন্দ্রস্থলের রামসিস স্কয়ারে জড়ো হওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভকারীদের। এ আহ্বানে সাড়া দিয়ে কায়রোয় মসজিদে মসজিদে জড়ো হয়ে পরে সেখান থেকে রাস্তায় রাস্তায় ক্ষোভ মিছিলে নামে মুরসি সমর্থকরা।

বিক্ষোভ ঠেকাতে কায়রোর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেনা মোতায়েন করা হয় অাগেই। কায়রোর উত্তরপূর্বে মুরসিপন্থিদের বিক্ষোভস্থলগুলো ঘিরে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়া হয় সাঁজোয়া যান দিয়ে। কায়রোর কেন্দ্রস্থলেও সশস্ত্র যান নিয়ে পাহারায় থাকে সেনারা। কাঁটাতারের বেড়া দিয়ে সেখানে স্থাপন করা হয় চেকপয়েন্টও।

বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে ব্রাদারহুডের নেতারা বলছেন, মানুষ সামরিক শাসনের শেষ দেখতে চায়। সেকারণে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে । বুধবারের হত্যাকাণ্ডের প্রতিবাদেই এ বিক্ষোভ।

বুধবার সংঘটিত হত্যাকাণ্ডে ৬২৩ জন নিহত হয়েছে। অন্যদিকে, ব্রাদারহুডের হিসাবে এ সংখ্যা অন্তত ২,২০০ । মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার এ অভিযানের পর এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করলেও তা উপেক্ষা করে বিক্ষোভে নামল মুরসি সমর্থকরা।

তাদের এ কর্মসূচির পাল্টা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে মুরসি বিরোধীরাও। মুরসি বিরোধী দল ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ এবং ‘তামারুদ’ শুক্রবার ব্রাদারহুডের ‘প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে মিশরবাসীকে বিক্ষোভে নামার ডাক দেয়।