ওবামার বক্তব্যে সশস্ত্র গোষ্ঠীগুলো উৎসাহিত হবে: মিশর
মিশরে সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুর কায়রোর রক্তক্ষয়ী দমনাভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নিন্দা বিবৃতির সমালোচনা করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ওবামার বক্তব্যের কোনো ‘সত্য ভিত্তি’ নেই। তার বক্তব্যে সহিংসতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো উৎসাহিত হবে।
বারাক ওবামা যে ভাষায় মিশরের সাম্প্রতিক ঘটনাবলীর নিন্দা জানিয়েছেন তাতে সশস্ত্র গোষ্ঠীগুলো দেশকে অস্থিতিশীলতা ও অনিরাপত্তার দিকে ঠেলে দিতে পারে বলে জানান মনসুর।
ওবামা বৃহস্পতিবার মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থকদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ও নিরাপত্তা বাহিনীর নেয়া সহিংস পদক্ষেপের কড়া নিন্দা জানিয়ে বলেন, “আমরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারসহ মানুষের মর্যাদা রক্ষায় অপরিহার্য সার্বজনীন অধিকারকে আমরা সমর্থন করি”।
মিশরের সঙ্গে সামরিক মহড়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, বেসামরিক মানুষ মারা যাওয়ার কারণে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের চিরাচরিত সহযোগিতা আর একইরকমভাবে চলতে পারে না।
কিন্তু মিশরের দাবি, তারা সন্ত্রাসী তৎপরতার শিকার হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গির্জা এবং সরকারি ভবনে সন্ত্রাসী হামলা হচ্ছে উল্লেখ করে মনসুর বিবৃতিতে এ সমস্ত হামলার জন্য মুরসি সমর্থকদের দায়ী করেন।
দেশে নিরাপত্তা রক্ষার স্বার্থেই নিরাপত্তা বাহিনী মুরসি সমর্থকদের বিক্ষোভ শিবির ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী হাজেম বেবলাওয়ি।
বুধবার মিশরের নিরাপত্তা বাহিনী কায়রোসহ অন্যান্য শহরে ব্যাপক অভিযান চালিয়ে মুরসি সমর্থকদের হটিয়ে দেয়। সংঘর্ষে নিহতের সংখ্যা ৬শ’ ছাড়িয়েছে।
