২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৩৪

ইরাকের রাজধানী বাগদাদে কয়েকদফা গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত এবং ১শ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Aug 2013, 03:11 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

বৃহস্পতিবার এ সমস্ত হামলার একটি হয়েছে ‘গ্রিন জোনে’র কূটনৈতিক এলাকার কাছে।

পুলিশের কয়েকটি সূত্র জানায়, বাগদাদের গ্রিন জোনের মাত্র ২০০-৩০০ মিটার দূরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে একটি বোমা বিষ্ফোরণ ঘটে। এতে ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “কাপুরুষ সন্ত্রাসীরা বাগদাদের ৭ টি এলাকায় নিরস্ত্র জনতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে”। এতে ৩ জন নিহত এবং ৪৪ জন আহত হওয়ার কথা জানায় মন্ত্রণালয়।

পুলিশের দেয়া তথ্যানুযায়ী, বোমা হামলা হয় বাগদাদের কেন্দ্রস্থল ও শিয়া এলাকাগুলোসহ পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে।

পূর্বাঞ্চলীয় বালাদিয়াতে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা হামলায় নিহত হয় ৫ জন, আহত হয় ১৭ জন। আল-সুরতা আল-রাবায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকটরে বোমা বিস্ফোরণে নিহত হয় ৪ জন এবং আহত হয় ১৮ জন।

বাগদাদের উত্তর পূর্বাঞ্চলীয় হুসেইনিয়ায় এক মিনিবাস চালক বাসে বোমার বিস্ফোরণ ঘটালে ৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়। বাগদাদের উত্তরে খাদামিয়ায় একটি বাস স্টেশনে আরেকটি বোমা হামলায় নিহত হয় ৬ জন।

ইরাকের বাকুবা শহরে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে ১৪ জন নিহতের ঘটনার পর এ হামলা হল।

গত সপ্তায় একই ধরনের হামলার দায় স্বীকার করেছিল আল কায়েদা। ওই হামলায় বহু সংখ্যক মানুষ হতাহত হয়। গত ৫ বছর ধরে ইরাকে বোমা হামলাসহ সহিংসতার ঘটনা তীব্র আকার ধারণ করেছে।

বুধবার দিনের প্রথম ভাগে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি গত সপ্তায় বোমা হামলাকারীদের শাস্তির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।

ইরাকের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে দেয়া সংক্ষিপ্ত এক ভাষণে মালিকি বলেন, “আমাদের জনগণকে এ ধরনের হত্যাকাণ্ড, অপরাধ এবং সন্ত্রাস থেকে সুরক্ষা না দেয়া পর্যন্ত আমরা থামব না।”

বাগদাদে নিরাপত্তা বাহিনীর অভিযানের বদলা হিসেবেই সাম্প্রতিক হামলা চালানো হয়েছে বলে ইরাক ও সিরিয়ার আল কায়েদা জানিয়েছে।

জেল থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে অভিযান পরিচালনা করছে ইরাকের নিরাপত্তা বাহিনী। গতমাসে আল কায়েদা ইরাকের কয়েকটি জেলে হামলা চালিয়ে উল্লেখযোগ্য সংখ্য কয়েদিকে মুক্ত করে নিয়ে যায়।

ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী ৮শ’ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে।