শ্রীলঙ্কার মসজিদে উগ্র বৌদ্ধদের হামলা
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গ্র্যান্ডপাস এলাকায় একটি মসজিদে উগ্র বৌদ্ধদের হামলায় ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে রয়েছেন মসজিদটির নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত দুই পুলিশ কর্মকর্তা।
হামলার পর বৌদ্ধ-মুসলিম সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাটিতে কারফিউ জারি করে পুলিশ।
শনিবার বৌদ্ধদের এ হামলায় কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি’র এক সংবাদদাতা জানিয়েছেন, মুসল্লিরা মাগরিবের নামায পড়ার সময় উগ্রবাদী বৌদ্ধরা তাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে।
ঘটনার পর দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। সহিংসতা রোধে স্পেশাল টাস্ক ফোর্স কমান্ডোর সদস্যসহ এলাকাটিতে শ’ শ’ পুলিশ মোতায়েন করা হয়।
মসজিদটি সরিয়ে নেয়ার দাবিতে গত মাসে বিক্ষোভ করেছে একদল বৌদ্ধ কট্টরপন্থি। তবে মুসলমানরা বলছেন, শ্রীলঙ্কা ধর্ম মন্ত্রণালয় তাদেরকে মসজিদটি ব্যবহারের অনুমতি দিয়েছে এবং হামলার আশঙ্কায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে উগ্র বৌদ্ধরা শ্রীলঙ্কায় মুসলমান ও খ্রিস্টান বিরোধী তৎপরতা শুরু করেছে। গত বছরও শ্রীলঙ্কায় বিভিন্ন মসজিদ এবং মুসলিম-মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন চার্চে উগ্র বৌদ্ধদের হামলায় দেশটিতে চরম ধর্মীয় উত্তেজনা দেখা দিয়েছিল।
মুসলিম ও খ্রীস্টানরা চরমপন্থার প্রসার ঘটাচ্ছে এবং বৌদ্ধদেরকে তাদের ধর্মীয় বিশ্বাসে দিক্ষীত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে কট্টরপন্থি বৌদ্ধরা।
