মুরসির সঙ্গে অ্যাস্টনের সাক্ষাৎ
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন।
সোমবার সন্ধ্যায় এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন অ্যাস্টনের মুখপাত্র।
মুরসির সঙ্গে অ্যাস্টনের কাটানো দুই ঘন্টায় মিশরের সঙ্কট নিয়ে “গভীর” আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মুরসির সঙ্গে অ্যাস্টনের বৈঠক কোথায় হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে ৩ জুলাই সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুতির পর থেকে মুরসি সেনাতত্ত্বাবধানেই আটক আছেন।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মুরসির ৭০ জনেরও বেশি সমর্থক নিহত হওয়ার পর সঙ্কট নিরসনের মধ্যস্থতার চেষ্টায় মিশর সফরে আসেন অ্যাস্টন।
অন্তর্বর্তী সরকারের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও মঙ্গলবার কায়রোয় ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করার পরিকল্পনা নিয়েছে মুরসির সমর্থক ও মিত্র গোষ্ঠীগুলো। কোনো ধরনের আইনের লঙ্ঘণ দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার।
মুরসির সঙ্গে সাক্ষাতের আগে অ্যাস্টন মিশরীয় সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসিসহ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
মুরসির সঙ্গে কথা বলার পর সাক্ষাতের বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। তবে মিশর সফরে রওয়ানা হওয়ার আগে অ্যাস্টন বলেছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় মুসলিম ব্রাদারহুডসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মিশরের বর্তমান কর্তৃপক্ষকে চাপ দেবেন তিনি।।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে মুসলিম ব্রাদারহুড ও এর মিত্ররা এখনও অটল রয়েছে।
