স্পেনের ট্রেন দুর্ঘটনা: ‘অসাবধান’ ছিলেন চালক
স্পেনের দুর্ঘটনাকবলিত ট্রেনটির চালক অসাবধানে ট্রেন চালানোর স্বীকারোক্তি দিয়েছেন।
দ্রুতগতিতে ট্রেন চালানোর সময় একটি বাঁক নিতে গিয়ে ‘অসাবধান’ ছিলেন বলে জানান চালক ফ্রান্সিসকো জোসে গার্জন আমো।
গত বুধবার স্পেনে কয়েক দশকের মধ্যে ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৭৮ জন মানুষ নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ।
স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে অতিরিক্ত গতিতে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।বেপরোয়া গতিতে ট্রেন চালানোর অভিযোগে বৃহস্পতিবার আটক করা হয় ট্রেনের চালককে।
বিবিসি জানিয়েছে, চালক আমো রোববার কাস্টডি থেকে মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং হত্যাকাণ্ডের একাধিক অভিযোগ আছে।
দুর্ঘটনায় আমো নিজেও মাথায় চোট পেয়েছেন।হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁকে নজরদারিতে রেখেছিল পুলিশ।
রোববার তাকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়।রুদ্ধদ্বার কক্ষে তাকে প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন বিচারক লুইস অ্যালেজ।তার বিরুদ্ধে আরো তদন্ত চলবে বলে জানিয়েছে আদালত।
সপ্তাহে অন্তত একবার তাকে আদালতে হাজির হতে হবে এবং অনুমতি ছাড়া তিনি স্পেন ত্যাগ করতে পারবেন না।
