২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু হচ্ছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঐকান্তিক চেষ্টায় তিন বছর পর আবার আলোচনার টেবিলে ফিরে আসছে দুই চির বৈরি দেশ ইসরায়েল ও ফিলিস্তিন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jul 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে।

আলোচনায় দেশ দুটির জ্যেষ্ঠ প্রতিনিধিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনা মঙ্গলবার পর্যন্ত চলবে।

এক বিবৃতিতে কেরি বলেছেন, “এ পর্যায়ে আসার জন্য দু’নেতাই অনেক বাধা অতিক্রম করে আন্তরিক সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছেন। তাদের নেতৃত্বের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

অপর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে আলোচনা কেরির বাসভবনে অনুষ্ঠিত হবে এবং পরদিন মঙ্গলবার পর্যন্ত চলবে।

পরবর্তী আলোচনা শুরু করার পথ তৈরি করতে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন সাকি। দুপক্ষের মধ্যে বিদ্যমান মূল বিরোধগুলো নিয়ে এ পর্যায়ে আলোচনা হবে না বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে ২০১০ সালে সরাসরি আলোচনা থেকে সরে যায় ফিলিস্তিন। তারপর থেকে সরাসরি আলোচনার বিষয়টি বিভিন্ন ইস্যুতে বিরোধের জেরে বন্ধ হয়ে ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর থেকে কেরি দুপক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা আবার শুরু করার জোর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেন। এ লক্ষ্যে গত চারমাসে তিনি ছয়বার মধ্যপ্রাচ্য সফর করেন।

রোববার ইসরায়েলি মন্ত্রিসভা ১০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিলে কেরির এ প্রচেষ্টা আলোর মুখ দেখে।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বন্দিদের মুক্তির পক্ষে মন্ত্রিসভার ১৩ সদস্য ভোট দেয়, বিপক্ষে দেয় সাত সদস্য, দু’জন ভোট দানে বিরত থাকে।

এর কয়েকঘন্টা পরই দুপক্ষের আলোচনার সূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।