২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহীদের হাতে বেসামরিকসহ নিহত ১২৩

সিরিয়ার বিদ্রোহীরা ১২৩ জনকে হত্যা করেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। চলতি সপ্তাহে উত্তরাঞ্চলীয় খান আল আসাদ শহরে বিদ্রোহীদের এক হামলার সময় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jul 2013, 11:33 AM

Updated : 25 Apr 2022, 07:03 PM

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসএএনএ এসব হত্যাকাণ্ডের জন্য বিদ্রোহীদের অভিযুক্ত করে।

এসএএনএ’র খবরে বলা হয়, “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী একটি গণহত্যা সংঘটিত করেছে। তারা শহীদদের মৃতদেহগুলো বিকৃত করে শহরের বাইরের একটি গর্তে নিক্ষেপ করেছে, অনেকগুলো মৃতদেহ পুড়িয়ে ফেলেছে।”

ইসলামী খেলাফতের সমর্থক দাবীদার এক বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার ইউটিউবে একটি ভিডিও পোস্ট করার একদিন পর গণহত্যার জন্য বিদ্রোহীদের অভিযুক্ত করলো রাষ্ট্রীয় গণমাধ্যম।

ওই ভিডিওতে দেখা যায়, একটি দেয়ালের পাশে প্রায় ৩০ তরুণের লাশ সারি দিয়ে রাখা আছে যাদের আসাদ পক্ষের বেসামরিক বাহিনীর (মিলিশিয়া) সদস্য বলে দাবী করছে বিদ্রোহীরা।

শুক্রবার খান আল আসাদের সরকার বিরোধী আন্দোলনকারীদের উদ্ধৃতি দিয়ে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোম ও মঙ্গলবার দুই দিনে শহরটির আশপাশে বিদ্রোহীরা ১শ’ ৫০ জন সেনাকে হত্যা করেছে, এদের মধ্যে ৫১ জন সেনা ও সেনাকর্মকর্তাকে আটক অবস্থায় হত্যা করা হয়েছে।

মানবাধিকার নিয়ে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।