২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

সিরিয়ার গৃহযুদ্ধে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এই সংখ্যা গতমাসে জাতিসংঘের দেয়া পরিসংখ্যান থেকে ৭ হাজার বেশি।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 03:04 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে দেয়া ভাষণে মুন এই পরিসংখ্যান জানান। এ সময় তার পাশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উপস্থিত ছিলেন বলে বিবিসি জানিয়েছে।

মুন ও কেরি উভয়েই সিরিয়া সংকটের আশু রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। মুন সিরিয়ার বিবদমান দুইপক্ষকে একটি শান্তি আলোচনায় বসানোর ব্যাপারে সঠিক ও আন্তরিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন।

মুন বলেন, “উভয়পক্ষের মধ্যেই সেনা ও বিদ্রোহীদের অবশ্যই হামলা বন্ধ করতে হবে এবং যত দ্রুত সম্ভব জেনেভায় এ বিষয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা দরকার।”

এরআগে এ ধরনের একটি শান্তি সম্মেলনের উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মতপার্থক্যের জন্য ভেস্তে যায়।

অবশ্য কেরি জানিয়েছেন, তিনি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরোভের সঙ্গে বুধবার কথা বলেছেন, এবং উভয় রাষ্ট্রই এই সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন।

এরআগে জাতিসংঘ দাবি করেছিল, সিরিয়ায় নিহতের সংখ্যা তাদের দেয়া পরিসংখ্যান থেকেও বেশি হবে কারণ অনেক নিহতের তথ্যই জানা সম্ভব হয়নি।

সিরিয়ার আরো ১৭ লাখ মানুষ প্রতিবেশি দেশগুলোতে বাধ্য হয়ে আশ্রয় নেওয়ার পথে রয়েছে।
দামেস্কতে একটি গাড়িবোমা হামলায় ৭জনের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার মধ্যেই জাতিসংঘ দেশটিতে মোট নিহতের পরিসংখ্যান উল্লেখ করল।

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানীর কাছে জারামানায় এই গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। অঞ্চলটিতে অনেক খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এসব সম্প্রদায়ের মধ্যে প্রেসিডেন্ট বাসার আল আসাদের অধিক সমর্থন রয়েছে।