২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো বিমানবন্দরেই স্নোডেন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দর ত্যাগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেয়নি রাশিয়া।তার আইনজীবী আনাতোলি কুচেরেনা এ কথা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 04:15 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

ফলে এখনো বিমানবন্দরেই অবস্থান করছেন স্নোডেন। অথচ গতকাল তাকে বিমানবন্দর ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছিল বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।

কিন্তু বৃহস্পতিবার বিবিসি তার আইনজীবী কুচেরেনার বরাত দিয়ে জানায় স্নোডেনকে কাগজপত্র দেয়া হয়নি।

তিনি আরো জানান, স্নোডেনকে মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকাতেই আপাতত থাকতে হচ্ছে।

যুক্তরাষ্ট্র স্নোডেনের পাসপোর্ট বাতিল করায় মস্কো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে আটকা পড়ে আছেন তিনি।রাশিয়ায় সাময়িক আশ্রয়ের জন্য আবেদনও করেছেন স্নোডেন।

বুধবার কুচেরেনা বিমানবন্দরে স্নোডেনের সঙ্গে দেখা করেন। এরপর তিনি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, স্নোডেন এখনই বিমানবন্দর ছাড়তে পারছেন না। রাশিয়ায় তার সাময়িক আশ্রয়ের বিষয়টিতে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

কুচেরেনা আরো বলেন, “এখনই বিমানবন্দর ছাড়ার কোনো পরিকল্পনা তার (স্নোডেন) নেই। তিনি রাশিয়ায় সাময়িক আশ্রয় চেয়েছেন। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেলে তিনি এক বছর রাশিয়ায় থাকতে পারবেন”।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনএসএ)’র টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার তথ্য ফাঁস করে দেন ৩০ বছর বয়সী স্নোডেন।

এরপর তিনি হংকংয়ে চলে গিয়ে আত্মগোপন করেন। স্নোডেনকে ধরতে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র।

তাকে ফিরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র হংকংয়ের ওপর চাপও সৃষ্টি করে।এ পরিস্থিতিতে ২৩ জুনে হংকং থেকে মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরে পৌঁছান স্নোডেন।